২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট থেকে সরে দাঁড়ালেন আ. লীগ নেতা পিয়ারুল

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা এ টি এম পিয়ারুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2018, 11:03 PM

Updated : 08 Apr 2022, 07:31 PM

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রার্থী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজ ভান্ডারী। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সদস্য পিয়ারুল।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে শুক্রবার থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।

পিয়ারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে বর্ধিত সভা ছিল। সেখানে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি।”

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,‍ “কেন্দ্রের নির্দেশে আমি স্থানীয় নেতাদের নিয়ে পিয়ারুল ইসলামের সঙ্গে কথা বলেছি, তিনি কেন্দ্রের নির্দেশনা মেনে নিয়েছেন। পিয়ারুল ইসলাম ঘোষণা দিয়েছেন, কাল থেকে জোট মনোনীত প্রার্থী নজিবুল বশর মাইজ ভান্ডারীর পক্ষে কাজ করবেন।”

পুরনো খবর:

মাঠে আ. লীগের বিদ্রোহীরা, কেন্দ্র ‘নিশ্চুপ’