খালেদার মুক্তির বিষয়ে আলোচনা হতেই পারে: কাদের
আলোচনার দরজা খোলা রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা চাইলে খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই পারেন।
রোববার সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলাপকালে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
মামলার সঙ্গে নির্বাচনকে যুক্ত করার কোনো যুক্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “মামলা আমরা করিনি, আমরা যেখানে দণ্ড দেইনি, সেখানে মুক্তি দিতেও পারি না।
“আদালতে তারা চেষ্টা করুন, যদি কোনো অপশন ওপেন থাকে তাহলে আদালতে লিগ্যাল ব্যাটেলে যেতে পারেন। তার ৩০টির মত মামালার জামিন হয়ে গেছে, সরকার কি বাধা দিয়েছে? এই মামলায় যে রায় হয়েছে জামিন পাবে কিনা তা উচ্চ আদালত বলতে পারবে।”
খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন এ বিষয় কোনো সিদ্ধান্ত আসছে কিনা- এমন প্রশ্নে কাদের বলেন, “সেটা তারা এসে প্রধানমন্ত্রীকে বলতে পারেন, সেরকম কিছু যদি তারা চায়.. আলোচনা তো খোলামেলা..বেগম জিয়াকে মুক্তি দেওয়ার ব্যাপারে।”
তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তি বা চিকিৎসা দেওয়ার ব্যাপারে রাজনৈতিকভাবে স্টান্টবাজি করা হয়েছে, এখন তো চিকিৎসা নিয়ে কোনো কথা নেই। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতিটা বেশি করা হয়েছে।
দুইটি দুর্নীতির মামলায় ১০ ও সাত বছরের সাজা নিয়ে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়ে আসছেন দলটির নেতারা।
বিএনপিকে নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবিতেও খালেদার মুক্তির বিষয়টি রয়েছে।
এসব দাবি নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে গত বৃহস্পতিবার এক দফা সংলাপে ‘সমাধান’ না আসায় প্রধানমন্ত্রীর সঙ্গে ফের আলোচনায় বসতে রোববার চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপের চিঠির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “আমাকে একটু আগে গণফোরামের সেক্রেটারি জানিয়েছেন, আমি অফিসে বলে দিয়েছি চিঠি দিয়ে যাবে। বিকালে লিডারের সাথে আলোচনা করব, সংলাপে বেশি সময় নিতে চাচ্ছি না। এরপর ইলেকশন রিলেটেড অ্যাকটিভিটি আছে।
“ছোট পরিসরে আলোচনা করা যায়। সেদিনও একই কথা হয়েছে.. আলোচনার দুয়ার তো বন্ধ হবে না।আমরা বলেছি অব্যাহত থাকবে।”
সংলাপের মাধ্যমে দূরত্ব কমে এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “দেখাদেখি চোখাচোখিও ছিল না, সেটা তো হল, খোলামেলা পরিবেশে তারা কথা বলেছেন। যে যা বলতে চেয়েছেন স্বাধীনভাবে ঐক্যফ্রন্টের নেতারা তাদের মতামত ব্যক্ত করেছেন।
“আবার বসতে চাইলে আয়োজন করার চেষ্টা করা হবে অ্যাকোমডেট করতে, নেত্রীর সাথে আলাপ করে। আমরা ৭ তারিখের পর যেতে চাইছি না। রাজনৈতিক দল ২০০ এর কাছাকাছি, আজ ১৪ দল কাল জাতীয় পার্টির সাথে, দিনে ও রাতে মিলে দুইটি সেশন করতে চাই। এরপর ইলেকশন বিষয়ক কাজে জড়াতে হবে।”
ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এটি একটি ইতিহাস, দেশের ইতিহাসে সরকার প্রধান এভাবে এ পর্যায়ে সংলাপ করেনি। এটি শীর্ষ পর্যায়ে সামিট বৈঠকের মত।
“কিছু কিছু দাবি আমরা মেনে নিয়েছি। যেমন কিছু কিছু বিষয় আছে- লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে সভা-সমাবেশ করতে চাইলে বাধা আসবে বলে মনে করি না। সরকারের কোনো সুবিধা নির্বাচনকালীন সময়ে নেব না।একটা সংলাপে কি জমাটবাধা বরফ গলে যাবে? এ পর্যন্ত যা হয়েছে তা পজিটিভ। সংলাপে পজিটিভ অগ্রগতি আছে। ”
সংলাপ আর আন্দোলন একসাথে চলে না উল্লেখ করে কাদের বলেন, “সংলাপ যখন তারা চান, আবারও বসতে চান, তাহলে আন্দোলন কেন, আমার প্রশ্ন।”
নির্বাচন তফসিল পেছানোর দাবি প্রসঙ্গে কাদের বলেন, “আমরা ইলেকশন কমিশনকে কিছু বলব না, তারা স্বাধীনভাবে কাজ করবে।”
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষার্থীদের শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের আয়োজক কওমির ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে সরকারের অনেকেই ‘তেঁতুল হুজুর’ বলেছেন, তারপরও এ সংবর্ধনা নিচ্ছেন জানতে চাইলে কাদের বলেন, “এটা একটা দোয়া শোকরানা, রিসেপশন দিচ্ছে না …. আমদের দল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আনপ্লেজেন্ট রিমার্ক বা অ্যাবিউজড রিমার্ক থেকে বিরত থাকতে, প্রধানমন্ত্রী নিজেই সতর্ক করে দিয়েছেন। কাউকে পার্সোনালি অ্যাটাক করা পজিটিভ রাজনীতি না।”
শোকরানা মাহফিলের কারণে রোববারের জেএসসি পরীক্ষা পেছানোয় সমালোচনার বিষয়ে তিনি বলেন, “পরীক্ষার্থীরা একটু চাপ আছে। দেশের রাজনীতির ব্যবস্থা এখন ইলেকশনকে সামনে রেখে। আমরা সবাই চাপের মুখে। ওরা একটু ত্যাগ স্বীকার করবে, আমি তাদের কাছে অনুরোধ করছি যে একেবারে অনিচ্ছাকৃত পরিস্থিতির কারণে আমরা বলব তারা বিষয়টি সুনজরে দেখবে।”
