২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজার কথা ‍শুনে বললেন, কত দেবে দিক: ফখরুল

খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন,‘মিথ্যা মামলায়’ সাজা বাড়িয়ে তাদের নেত্রীর মাথা নত করা যাবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 06:10 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

পুরনো খবর:

খালেদার জন্য অনশনে বিএনপি

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার সাজা বাতিলের দাবিতে বৃহস্পতিবার ঢাকার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপি নেতাকর্মীদের অনশনের সমাপনীতে বিএনপি মহাসচিব ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র মানে খালেদা জিয়া, খালেদা জিয়া মানে গণতন্ত্র। আজকে তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে, তার সাজা বাড়ানো হয়েছে। এটা কিচ্ছু না।

“উনাকে যখন এই সাজার কথা শোনানো হল, ‘আপনার সাজা বাড়িয়ে দিয়েছে’, উনি বললেন, ‘কত দেবে দিক, আমি কখনোই মাথা নত করব না’। “

অবশ্য কারা তত্ত্বাবধানে হাসপাতালে থাকা খালেদা জিয়ার ওই উক্তি মির্জা ফখরুল কার কাছ থেকে শুনেছেন, তা তিনি বলেননি।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “আমরা কখনো মাথা নত করব না। আমরা আমাদের অধিকার আন্দোলনের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করবই করব।:

আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘পরাজিত করতে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 

গত ফ্রেবুয়ারিতে এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের পর থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তাকে বর্তমানে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু মেডিকেলে রাখা হয়েছে।

গত মঙ্গলবার ওই মামলার আপিল রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে হাই কোর্টে। তার আগের দিন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার রায়ে ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

আর গত মাসে ২১ অগাস্ট গ্রেনেড মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায় আসে।

খালেদার রায়ের প্রতিবাদে বুধবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার পর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে মাদুর বিছিয়ে পাঁচ ঘণ্টা অনশন করেন বিএনপি নেতাকর্মীরা।

রোদের মধ্যে খোলা প্রাঙ্গণে বসে থাকা নেতা-কর্মীদের হাতে দেখা যায় খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড।

বিকাল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের মুখে পানি তুল দিয়ে অনশন ভঙ্গ করান।

সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কামাল হোসেন নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের সংলাপের সূচি থাকার বিষয়টি মনে করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে ৭ দফা মানতে হবে। আমরা আজকে সংলাপে ৭ দফা উপস্থাপন করব।”

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফায় খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি রয়েছে, যা বর্তমান সংবিধান অনুযায়ী সম্ভব নয় বলে আওয়ামী লীগ নেতাদের ভাষ্য।

খন্দকার মোশাররফ বলেন, “সাত দফা বাস্তবায়ন না হলে ইনশাল্লাহ আগামীতে এদেশে সংসদ নির্বাচন হবে না, কোনো নির্বাচন করা সম্ভব হবে না। এই আওয়ামী লীগকে আপনারা চেনেন, আমাদেরকে কঠোর আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির আরেক নেতা মওদুদ আহমদ বলেন, “একদিকে সংলাপ, অন্যদিকে ব্যাপকভাবে গ্রেপ্তার…  একদিকে সংলাপ, অন্যদিকে বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে ১০ বছর। এগুলো আমাদের কাছে খুব ভালো আলামত বলে মনে হয় না।”

নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যে সংলাপের আয়োজন, সেই পরিবেশ সরকার এসব ঘটনার মধ্যে দিয়ে ‘নষ্ট করে’ দিচ্ছে বলে অভিযোগ করেন মওদুদ।

“আমরা ভেবেছিলাম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তিনি (খালেদা) খালাস পেয়ে যাবেন। এটা নজিরবিহীন। আমরা এই রায় গ্রহণ করি না, সুষ্ঠু নির্বাচন না করা পর্যন্ত এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কর্মসূচিতে বলেন, “খুব গরম ছিল… ‘বিরোধী দল বলে কিছুই নাই, ওদের সাথে কথা বলার দরকার নাই, সংলাপ হবে না’। কিন্তু এখন সংলাপ ডাকতে হয়েছে। জনগণের চাপে, বন্ধুদের চাপে সংলাপ ডাকতে বাধ্য হয়েছে যখন, তখন বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন করা শুরু হয়েছে।”

এক সময় আওয়ামী লীগে থাকা মান্না বলেন, “ইতিহাস বলে, এইসব নির্যাতন করে ৫ বছরের সাজা ১০ বছর করে, নতুন ৭ বছর সাজা দিয়ে কিছুই করা যাবে না। সাত দিনের মধ্যে ধুলোর মধ্যে সব উড়ে চলে যাবে।”

তিনি বলেন, যে ঐক্য হয়েছে, তা আরও জোরদার করে, আরো বড় করে আন্দোলনের মাধ্যমে সবকিছুর ‘জবাব’ দেওয়া হবে।

সংলাপে সাত দফার নিষ্পত্তির আগে তফসিল ঘোষণা হলে তা মেনে নেওয়া হবে না বলেও ক্ষমতাসীনদের হুঁশিয়র করেন মান্না।

তিনি বলেন, “আমরা বেকুব নই। আমরা আপনাকে চিনি, আপনার সরকারকে চিনি, ফন্দি-ফিকির-মারফতি- ওই ফাঁদে পা দেব না। নির্বাচনের মাঠে লড়াই করে আমরা জিতব।”

মির্জা ফখরুলের সভাপতিত্বে এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ সাংগঠনিক সস্পাদক আবদুস সালাম আজাদের পরিচালনায় অনশন কর্মসূচিতে দলের স্থায়ী কমিটি মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জ্যেষ্ঠ নেতা আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, কামরুজ্জামান রতন, নুরে আরা সাফা, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, শামীমুর রহমান শামীম, নিলুফার চৌধুরী মনি, হারুনুর রশীদ, আনিসুর রহমান তালুকদার খোকন, হুমায়ুন কবির খান, সেলিম রেজা হাবিব, বিলকিস ইসলাম, রোখসানা খান নিপু, নিপুণ রায় চৌধুরী বক্তব্য দেন।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য দেন আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, সাদেক আহমেদ খান, কাজী আবুল বাশার, মোরতাজুল করীম বাদরু, নুরুল ইসলাম নয়ন, কাজী আজিজুল হাকিম, সাইফুল ইসলাম ফিরোজ, ইয়াছীন আলী, তকদির হোসেন জসিম, শাহ নেসারুল হক, আবুল কালাম আজাদ ,হাসান জাফির তুহিন, মনি বেগম, রাজীব আহসান, আকরামুল হাসান, আবদুস সাত্তার পাটোয়ারী।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডির আবদুল মালেক রতন, গণফোরামের মোশতাক আহমেদ, ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

বিএনপির অনশন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগর নাট্যমঞ্চের আশ-পাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।