২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকে ‘ব্যবহার’ করছে সরকার: ফখরুল

বিএনপির গঠনতন্ত্র সংশোধন নিয়ে হাই কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 01:23 AM

Updated : 08 Apr 2022, 07:15 PM

নয় মাস আগে আনা বিএনপির গঠনতন্ত্র সংশোধনী চ্যালেঞ্জ করে মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে একটি আবেদন করেছিলেন। মোজাম্মেলের এক রিট আবেদনে ইসিতে তার আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বুধবার আদেশ দিয়েছে হাই কোর্ট।

ওই আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

হাই কোর্টের এক আদেশের ফলে দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতৃত্বে রাখার পথ কার্যত আটকে গেছে।

বুধবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোট এবং দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের কাছে হাই কোর্টের আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “আমরা বিস্মিত হয়েছি এজন্য যে, একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে একটা রিট পিটিশনের বিষয়ে কোর্টের আদেশ একেবারেই নজিবিহীন।

“রাজনৈতিক দল নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলে, সেই গঠনতন্ত্রটা যেটা থাকে সেটাই চূড়ান্ত। সেক্ষেত্রে এই ধরনের রুল কতটুকু গ্রহণযোগ্য? আইনজীবীরা বলেছেন, এটা গ্রহণযোগ্যই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এ বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই। এটাই মূল কথা।”

এজন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, “এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবেলা না করে সম্পূর্ণভাবে আদালতকে ব্যবহার করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আপনারা দেখবেন সংবিধানে যতগুলো সংশোধনী এনেছে, ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী, এসব কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আনেনি, আদালতের একটা রায় নিয়ে সংশোধন করেছে।

“সব কিছু আদালতের আশ্রয় নিয়ে তারা করেছে। গ্রামে কিছু দুষ্ট মোড়ল থাকে, তারা প্রতিপক্ষকে কাবু করার জন্য মিথ্যা ও সাজানো মামলা করে। ক্ষমতাসীনরাও সেটা করছে।”

“এখন একটা পার্টির প্রধান কে হবেন, কে হবেন না, সদস্য কে হবেন, হবেন না সেটা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত হবে। এজন্য আমরা মনে করছি যে, এই রিট পিটিশন এবং এটা বিএনপির বিরুদ্ধের একটা সামগ্রিক চক্রান্ত যেটা চলছে এটা তারই একটা অংশ,” বলেন তিনি।

ফখরুল বলেন, “উদ্দেশ্য একটাই বিএনপিকে ধ্বংস করে দেওয়া।  দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে তারা হাতিয়ার হিসেবে এক্ষেত্রে ব্যবহার করছে।”

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, “এই আদেশ অকার্যকর। ভুল তথ্যের ভিত্তিতে আদালত এই আদেশ দিয়েছে বলে আমরা মনে করি।

“আমাদের মহাসচিবকে বিবাদী করা হয়েছে, অথচ মহাসচিবকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। আমরা উচ্চ আদালতের সার্টিফাইড কপি সংগ্রহ করে আমরা বুঝব।”

স্থায়ী কমিটির বৈঠকে ফখরুল ও মওদুদ ছাড়াও উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান। এই বৈঠকে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, এ জে মোহাম্মদ আলীও ছিলেন।

এর আগে ২০ দলীয় জোটের বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ফখরুল। তাতে গণভবনে বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের যাওয়ার বিষয়টি জোট নেতাদের জানানো হয়।

পুরনো খবর:

দণ্ডিত খালেদা-তারেককে দলীয় নেতৃত্বে রাখার পথ আটকে গেল