ধর্ম নিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ‘ব্যবসা’ করে: ফখরুল
ধর্ম নিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনায় তুলে ধরে এই অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, “এই ১০ বছরের একটা-দুইটা না, অসংখ্য ঘটনা ঘটেছে, যেখানে দেখা গেছে যে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের জমি দখল করছে কারা, আওয়ামী লীগের সদস্যরা। আওয়ামী লীগ দুইটা ব্যবসা খুব ভালো পারে। একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা ব্যবসা, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যবসা।
“এই দুটিকে বিক্রি করে করে তারা তাদের রাজনীতিকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা সবাই জানি, এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। তারা সবসময় একটা প্রচারণা চালায়, যে প্রচারণার মধ্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করে, আপনাদেরকে বিভ্রান্ত করে, এটা আপনাদের সচেতনভাবে জানতে হবে।”
ফখরুল বলেন, “তারা (আওয়ামী লীগ) ছাড়া আর কেউ নাই? বাংলাদেশে আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই? মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র, সেটাকেই গিলে বসে আছে তারা। ওরাই আবার বলে যে, ওরা মুক্তিযুদ্ধের পক্ষের।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আজকে সমস্যাটা বিএনপির নয়, হিন্দুর নয়, মুসলমানের নয়; আজকের সমস্যাটা হচ্ছে জাতির।
“আজকে আমরা যে সংগ্রাম শুরু করেছি, সেই সংগ্রাম কিন্তু কোনো দলের জন্য নয়, এই সংগ্রাম কোনো ব্যক্তির নয়। এই সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে মুক্ত করবার সংগ্রাম। তাই আমাদের সকলকে এক হতে হবে। এই যে দানবকে সরানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আঘাত করতে হবে।”
বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা তুলে ধরে ফখরুল বলেন, “দাবি পূরণ না হলে জনগণ আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করে দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের স্বামী শান্তিকারানন্দ মহারাজ, স্বামী কল্পেশানন্দ মহারাজ, বাংলাদেশ মাইনরিটি পার্টির সাধারণ সম্পাদক সুকৃতি মন্ডল, বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুন্ড, হিন্দু মহাজোটের সদস্য সমীর সরকারও বক্তব্য রাখেন।
খালেদা জিয়ার পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করেন বিএনপি নেতারা।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুণ্ডু, অপলেন্দু দাশ অপু, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, তপন দে, মিল্টন বৈদ্যও বক্তব্য রাখেন।
