গ্রেপ্তার অভিযান জোরদার করুন: হাছান মাহমুদ
একাদশ সংসদ নির্বাচনের আগে সন্ত্রাসী, জঙ্গি ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
নির্বাচনের আগে হয়রানিমূলকভাবে বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির অভিযোগের মধ্যে বৃহস্পতিবার এক আলোচনা সভায় বক্তৃতায় এই দাবি করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান বলেন, “গ্রেপ্তার আরও হওয়া উচিৎ ছিল। কারণ যে সমস্ত সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠি ও অগ্নিসংযোগকারী বিএনপির ছত্রছায়ায় ২০১৩, ২০১৪, ২০১৫ সালে বাংলাদেশে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, তারা এখন আবার ঐক্যফ্রন্টের ব্যানারে মাঠে নেমেছে। তাই তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে।
“এরা সবাই আসামি। আসামিদের গ্রেপ্তার করলে উনারা (বিএনপি) সংবাদ সম্মেলন করেন। সরকারকে অনুরোধ জানাব, সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠি ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে এই গ্রেপ্তার অভিযান আরও জোরদার করা প্রয়োজন।”
ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'ঐক্যফ্রন্টের নামে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াও' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাছান মাহমুদ।
জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তাদের অন্যতম মইনুল হোসেনকে রাজনৈতিক কারণে গ্রেপ্তারের অভিযোগও নাকচ করেন তিনি।
“একজন নারীবিদ্বেষী মানুষের বিরুদ্ধে যখন মামলা হয় এবং তার পক্ষে যখন বিএনপি সংবাদ সম্মেলন করে, তখন এটিই বলতে হয়, বিএনপিও আজকে নারীবিদ্বেষীদের সাথে সুর মিলিয়েছে এবং নারীবিদ্বেষীদের পাশে দাঁড়িয়েছে।”
বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের গড়া জোট জাতীয় ঐক্যফ্রন্টকে নিয়ে রসিকতা করে আওয়ামী লীগ নেতা হাছান বলেন, “অগাস্ট-সেপ্টেম্বর মাসজুড়ে উনারা অনেক হাঁকডাক দিয়ে অক্টোবর মাসে একটি বড় অশ্বডিম্ব পাড়লেন, নাম দিলেন জাতীয় ঐক্য এবং এই ডিম্বটা ফুটে নাই, বরং ফেটে গেছে।”
