মোশতাক, জিয়া ও এরশাদে সাম্প্রদায়িক শক্তির উত্থান: নাসিম
বঙ্গবন্ধুকে হত্যার পর খন্দকার মোশতাক আহমেদ থেকে শুরু করে জিয়াউর রহমান ও এইচএম এরশাদের হাত ধরে দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ পল্লীতে হামলার ষষ্ঠ বাষির্কী স্মরণে ‘আলোর শরণে কাটুক আঁধার’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, "মোশতাক, জিয়া, এরশাদ যখনই ক্ষমতায় এসেছে তখনই সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। তারা পাকিস্তানি ধ্যান-ধারণায় উসকানি দিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে।
“এদেশে সাম্প্রদায়িক শক্তি এখনো নিশ্চিহ্ন হয়ে যায় নাই। ওরা এখনও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লুকিয়ে আছে। বিভিন্ন শক্তির অন্তরালে থেকে তারা কাজ করে যাচ্ছে।"
বঙ্গবন্ধুকে সপরিবারে ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে অশুভ শক্তির উত্থানের ফলে বাংলাদেশ স্বাধীনতার পর একুশ বছর পিছিয়ে যায় বলে বক্তব্যে উল্লেখ করেন নাসিম।
“সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এই লড়াই চলমান। একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্যই ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধ করেছিল।
“যুগ যুগ ধরে এই উপমহাদেশে সাম্প্রদায়িক শক্তিগুলো অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত করেছে। হাজার বছর ধরেও বাঙালিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে পারেনি। ধর্ম ও বর্ণের নামে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে।"
সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া বলেন, “জাতির জনকের হত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক রাজনীতির উন্মেষ ঘটেছে। সেই রাজনীতি বর্ধিত কলেবরে বর্তমানেও টিকে আছে।
তিনি মুক্ত চিন্তাকে বিকশিত করতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সামনের নির্বাচনে আবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাহুল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার এসময় উপস্থিত ছিলেন।
