২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের ভরা কলসি, তাই নড়ে না: কাদের

একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির তৎপরতা বাড়লেও তা হিসেবেই ধরছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 07:09 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

তিনি বলেছেন, “যাদের শূন্য কলসি, তারাই ফাঁকা আওয়াজ করে। আমরা সরকারি দল, আমাদের ভরা কলসি, ভরা কলসি নড়ে না।”

সংসদ নির্বাচনের আগে রাজনীতির মাঠ গরম হয়ে ওঠার মধ্যে বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর এক জরুরি সভা শেষে একথা বলেন তিনি।

দশম সংসদ নির্বাচন বর্জন করার পর আন্দোলন চালিয়েও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ব্যর্থ বিএনপি একাদশ সংসদ নির্বাচনের আগে সরব হয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বি চৌধুরী-কামাল হোসেনের সঙ্গে একযোগে আন্দোলন চালিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করার স্বপ্নও দেখছেন খালেদা জিয়ার দলের নেতারা। শনিবার তারা ঢাকায় জনসভা করে সামর্থ্যের মহড়াও দেখাতে চাইছেন।

কাদের বলেন, “বিএনপির সভাটা কবে হবে, এটা তো এখনও ঠিক হয়নি। বিএনপি জোর করে ২৯ তারিখে করবে? কেন এই জেদাজেদি? অনুমোদন ছাড়া আপনি সভা করবেন, এত লাফালাফি কেন?

“১০ বছরের ১০ মিনিটও রাস্তায় নামতে পারেন নাই। এখন আপনি হঠাৎ করে খালেদা জিয়া ও তারেক রহমানকে খুশি করতে ব্যর্থতা ঢাকার জন্য লাফালাফি করছেন। এত লাফালাফির পরিণাম শুভ হবে না।”

বিএনপির সমাবেশের দিন সংঘাত এড়াতে আওয়ামী লীগ রাজপথে না থাকার সিদ্ধান্ত নিলেও শহর, নগর, গ্রাম-গঞ্জে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “হুমকি-ধমকি দিয়ে আন্দোলন করবেন, আর আমরা ঘরে বসে ডুগডুগি বাজাব, তা হবে না। তবে আমাদের উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই। আমরা কারও উস্কানির ফাঁদে পা দেব না।”

ক্ষমতাসীন দলের দায়িত্বশীল অবস্থান থেকে পাল্টাপাল্টি কর্মসূচিতে না যাওয়ার কথা বলেন কাদের।

তিনি বলেন, “বিএনপি সমাবেশ ডেকেছে, এখন আমাদের পাল্টাপাল্টি কর্মসূচি নেই। আমাদের নেত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমাদের কর্মসূচি আমরা দেব, কোনো পাল্টাপাল্টি কর্মসূচি আমরা দেব না।

“তারা সভা করবে, আমরা পাল্টা করব, দেশের মানুষকে আতঙ্কে রেখে এ ধরনের রাজনীতি আমাদের প্রয়োজন নাই। নির্বাচন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রাখতে হবে।”

শনিবার বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চাইছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল গুলিস্তানে ঢাকার মহানগর নাট্যমঞ্চে সমাবেশ ডেকেছে।

সেদিন বিএনপিকে ঠেকাতে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম দিলেও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিন্ন অবস্থান জানালেন।

বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কোনো উদ্বেগ না থাকলেও সতর্কতা আছে বলে জানান কাদের।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এবং তাদের দোসররা নাশকতা ও সহিংসতার ছক আঁটছে।

“তারা যেভাবে হাঁক-ডাক হুমকি-ধমকি শুরু করেছে, সেভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে আমরা মনে করছি।”

১৪ দলের শনিবারের সভা সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, “১৪ দল পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছে, নিজেরা বসেছে। এখন তারা মহানগর নাট্যমঞ্চে আরও একটু বড় পরিসরে নেতাকর্মীদের সমাবেশ করবে। এটা বিএনপির সঙ্গে কোনো পাল্টাপাল্টি নয়।”

বিএনপিকে তারিখ পরিবর্তনের আহ্বান নাসিমের

১৪ দলের সমাবেশের কর্মসূচি আগে থেকে ঠিক করা ছিল দাবি করে বিএনপিকে শনিবারের সমাবেশ পেছানোর আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার কক্সবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা প্রথমে ২৯ তারিখ মহানগর নাট্যমঞ্চে শান্তিপূর্ণ সমাবেশ ডেকেছি। এটা সমস্ত মিডিয়া জানে, পুরো বিশ্ব জানে।

“বিএনপির সমাবেশ ছিল ২৭ তারিখে। কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তারা জেনেশুনে পিছিয়ে ২৯ তারিখে নিয়েছে। পায়ে পা দিয়ে বলে ঝগড়া করছে না, বলেন…। যদি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি, তাহলে বলব, মিটিংয়ের তারিখ পরিবর্তন করেন।”

কক্সবাজারের একটি হোটেলে ন্যাশনাল হোমিওপ্যাথিক কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম একথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “অহেতুক ঝগড়া করবেন না। আপনাদের মিটিং আপনারা করেন, যেখানে খুশি করেন, আমার দিনে কেন দিয়েছেন।

“আর যদি খেলতে চান, আমার সাথে খেলে পারবেন না। কৌশলে মার খাবেন, মাঠেও মার খাবেন। আমার সাথে জনগণ আছে।”

বিএনপি নানাভাবে নৈরাজ্য করার চেষ্টা করছে দাবি করে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “নৈরাজ্য করবেন না, ফাউল খেলবেন না। ফাউল খেললে নির্বাচনী মাঠে লালকার্ড দেখিয়ে দেব।”

অক্টোবর থেকে গণসংযোগ আওয়ামী লীগের

নির্বাচনকে সামনে রেখে আগামী ১ অক্টোবর থেকে আওয়ামী লীগের গণসংযোগ শুরু হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “১ তারিখ থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ দেশব্যাপী গণসংযোগ করব। আমরা ভোটারদের কাছে যাব, বাড়িতে বাড়িতে যাব।”

সড়কে কর্মসূচি পালন করে জনদুর্ভোগের কারণ হবেন না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

“রাস্তায় অবরোধ করে মানুষের জন্য দুর্ভোগ হবে, এমন কোনো সভা-সমাবেশ করব না। আর রাস্তা অবরোধ-বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। আমরা নিজেরাই নিয়ম মেনে চলছি। অন্য কেউ নিয়মভঙ্গ করে রাস্তায়, প্রেস ক্লাবের সামনে, পল্টনের রাস্তায় সভা-সমাবেশ করবে, সেটা অ্যালাউ করা হবে না।”