২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যায়ের বিরুদ্ধে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণীয়: ফখরুল

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 10:13 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেছেন।

শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেজন্য শ্রীকৃষ্ণকে বেশি মনে পড়ে, ভগবান শ্রীকৃষ্ণকে আজ বেশি করে স্মরণ করতে হয়। তিনি সব সময়ে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই কথা যেন আমরা সব সময় মনে রাখি।”

“আজকে দেশে যা চলছে, ফ্যাসিবাদ চলছে, হত্যা চলছে, ঘৃণা চলছে, এক ধর্ম আরেক ধর্মকে ঘৃণা করছে, মানুষ মানুষকে হত্যা করছে, ধ্বংস করছে। এর বিরুদ্ধে উঠে দাঁড়াতে আমাদের সাহসী হতে হবে। আজকে শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, “এই দানব ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারলেই দেশনেত্রী মুক্ত হবেন, গণতন্ত্র ফিরে আসবে, আমাদের নেতা তারেক রহমান ফিরে আসবেন।”

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী।

অমলেন্দু দাশ অপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্তু কুমার কুণ্ড, অপর্না রায়, দেবাশীষ রায় মধু, নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, নকুল সাহা, জয়দেব জয়,সঞ্জিত কুমার দেব জনিসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা।

রামকৃষ্ণ মিশনের মৃদুল মহারাজ ও স্বামীবাগ ইসকন মন্দিরের প্রভু নিত্যানন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা অ্যালবার্ট পি কস্টা, দীপেন দেওয়ান, সুশীল বড়ুয়া, তপন মজুমদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।