২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগকে দিয়ে রাজনৈতিক ইচ্ছাপূরণের অপচেষ্টা: বিএনপি

বিচার বিভাগকে ব্যবহার করে সরকার ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় খালেদা জিয়া ও তারেক রহমারকে জড়িত করে সরকার নিজেদের ইচ্ছাপূরণের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 03:07 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যে প্রেক্ষিতে সকালে সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রকৃতপক্ষে বর্তমান সরকার গোটা বিষয়টাকে তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে দমন ও দুর্বল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলেই দলীয় একজন নেতাকে (আবদুল কাহ্হার আখন্দ) তদন্ত কর্মকর্তা নিয়োগ করে মামলার অন্যতম আসামিকে (মুফতি হান্নান) দিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করেছে। সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে হান্নান সরকারের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে।

“এখন তারা (সরকার) বিচার বিভাগকে দিয়ে নিজেদের রাজনৈতিক ইচ্ছাপূরণের অপচেষ্টায় রত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জাতীয় রাজনীতিতে এর বিষময় পরিণতি সম্পর্কে পুনরায় ভাবার জন্য সরকারকে পরামর্শ দিচ্ছি।”

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কর্মসূচিতে গ্রেনেড হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেদিন বেঁচে গেলেও স্থায়ীভাবে তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

ওই হামলার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলে।

ওই হামলার বার্ষিকীতে মঙ্গলবার দলীয় এক অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এই হত্যাকাণ্ডের যে চেষ্টা; এর সাথে বিএনপি যে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, খালেদা জিয়া, তার ছেলেরা যে জড়িত তাতে কোনো সন্দেহ নাই।”

১৪ বছর আগের এই ঘটনায় করা মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের পাশাপাশি আসামির তালিকায় রয়েছেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

মামলার অন্যতম প্রধান আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষ হলে সেপ্টেম্বরের মধ্যে রায়ের তারিখ আসবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।

এই প্রেক্ষাপটে বিচারাধীন এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনসহ জিয়া পরিবারকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ওই মামলার রায় প্রভাবিত হওয়ার আশঙ্কা করে আসছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা এবং তার ফলে মিসেস আইভি রহমানসহ অনেক নারী পুরুষের জীবন নাশ ও আহত হওয়ার নৃশংস ঘটনার আমরা তখনও নিন্দা প্রতিবাদ জানিয়েছি এবং এখনো জানাই। আমরা এই ঘটনার জন্য দায়ী প্রকৃত অপরাধীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ আমরাও চাই, এমন নির্মম অরাজনৈতিক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়।

“কিন্তু ওই ঘটনাকে পূঁজি করে সরকার ও সরকারি দল যেভাবে বিএনপি ও বিএনপির মূল নেতাদের অন্যায়ভাবে বিপদাপন্ন করার জন্য তাদের পুলিশ, গোয়েন্দা, তদন্ত কর্মকর্তা এমনকি বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহারের নগ্ন প্রয়াস চালাচ্ছে তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।”

২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলার পরপরই তৎকালীন চারদলীয় জোট সরকারের আইনগত পদক্ষেপ, সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলার গতি পরিবর্তনের বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বিএনপি সরকারের আমলে ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলার তদন্তে ইন্টারপোল, এফবিআইকে দেশে নিয়ে আসা, মুফতি হান্নানসহ সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার, সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করা, হাই কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করাসহ নানা পদক্ষেপ তুলে ধরে চার দলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল বলেন, “এসব কিছু প্রমাণ করে যে, প্রকৃত ঘটনা ও অপরাধীদের শনাক্ত করার বিষয়ে তৎকালীন বিএনপির সরকারের আন্তরিকতা ও স্বচ্ছতার অভাব ছিল না।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মইনুল ইসলাম খান শান্ত, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কায়সার কামাল, সহ আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ উপস্থিত ছিলেন।