সড়কে প্রাণহানিতে ঈদ আনন্দ ফিকে: এরশাদ
ঈদের আগে-পরে সড়ক-মহাসড়কে বহু মানুষের প্রাণহানিতে দেশবাসীর ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার দুপুরে এক শোকবার্তায় তিনি এ কথা বলেন।
ঈদের ছুটি শুরুর আগেরদিন গত সোমবার সারাদেশে দুর্ঘটনায় মারা যান ২৩ জন। পরদিন নিহত হন নয়জন।
গত বুধবার ঈদের দিনেও সড়কে ছিল মৃত্যুর মিছিল; ওইদিন দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন। এছাড়া ঈদের পরদিন ৫ জন নিহত হন।
ছবি: রাজশাহী প্রতিনিধি
ঈদের পর সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে শনিবার নাটোরের লালপুরে; সেখানে বাসের ধাক্কায় নিহত হন লেগুনার ১৫ যাত্রী। নাটোরসহ সারা দেশে এদিন সড়ক দুর্ঘটনায় নিতের সংখ্যা ২৩।
সড়ক দুর্ঘটনায় এসব প্রাণহানীতে শোক প্রকাশের পাশাপাশি এরশাদ তার বার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এরশাদ বলেন, “অনিরাপদ সড়কে ব্যাপক প্রাণহানিতে দেশবাসীর ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার সংবাদই প্রমাণ করে দেশের সড়ক যোগাযোগ কতটা ভয়াবহ।”
সড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
পাশাপশি নিহতদের পরিবারগুলোকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন এরশাদ।
