২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম মেনে নেওয়া হবে না: রিজভী

ইভিএমে ডিজিটাল কারচুপি ‘সম্ভব’ দাবি করে একাদশ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার করতে ‘দেওয়া হবে না’ বলে হুঁশিয়ার করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2018, 08:08 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।

রিজভী বলেন, “ইভিএম দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই মেশিনের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই, এর দ্বারা ডিজিটাল কারচুপি হওয়া সম্ভব।

“আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনও অবস্থাতেই আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেয়া হবে না। এই মেশিন ব্যবহারের অশুভ তৎপরতা বন্ধ করতে জনগণ প্রস্তুত।”

রিজভী বলেন, ‘‘প্রধান নির্বাচন কমিশনার একাধিকবার জাতির উদ্দেশে বক্তব্যে বলেছেন, সব রাজনৈতিক দল না চাইলে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। 

“সাংবিধানিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তির গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে বক্তব্য জনগণের কাছে অঙ্গীকারনামার মতো হয়। কিন্তু প্রতিশ্রুতির বক্তব্য থেকে সরে গিয়ে সিইসি বিপুল টাকার অংকের দেড় লক্ষ ইভিএম মেশিন ক্রয় করার উদ্যোগ নিচ্ছেন। এটা সম্পূর্ণরূপে জনগণের সাথে প্রতারণা।”

সিটি নির্বাচনে ইভিএমের ব্যবহারকে সফল উল্লেখ করে স্থানীয় নির্বাচনে এর ব্যবহার অব্যাহত রাখার কথা বললেও সংসদ নির্বাচনে তা রাখা হবে না বলে গত ডিসেম্বরে  জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

রিজভী বলেন, “আমরা মনে করি, আগামী নির্বাচনকে ক্ষমতাসীনদের অনুকূলে ম্যানিপুলেট করার জন্য ইভিএম ব্যবহার প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সচিবের যৌথ প্রযোজনা। এজন্য তড়িঘড়ি করে এই মেশিন কেনার প্রকল্প নেওয়া হয়েছে।

“কারচুপির জন্য, জালিয়াতির জন্যে পছন্দের দলকে ক্ষমতায় বসাতে সাধারণ মানুষকে ভোট বঞ্চিত করে তাদের টাকা দিয়ে আপনি একটি ক্রটিপূর্ণ পদ্ধতি বাস্তবায়ন করবেন এটা জনগণ কখনও ছেড়ে দেবে না।”

গত বৃহস্পতিবার কমিশন সভায় একাদশ সংসদ নির্বাচনের আগে ইভিএম, অনলাইন মনোনয়নপত্র জমা, জামানত বাড়ানো, স্বতন্ত্র প্রার্থীতা সহজীকরণসহ প্রার্থী হতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা, ভোটের আগে-পরে ব্যয় কঠোরভাবে তদারকসহ ৩৫টি প্রস্তাব চূড়ান্ত করেছে ইসি আইন সংস্কার সংক্রান্ত উপকমিটি। 

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ ‘প্রতিদিনই আওয়ামী লীগের অফিসে গিয়ে বৈঠক করেন’ বলেও দাবি করেন রিজভী।

এছাড়া দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁওয়ের যুব দলের আহমেদ উল্লাহ, মনিরুজ্জামান লিটন, মিনহাজ, শাহজাহান কবির টিটু, ফেনীর ছাত্র দলের নুরুল ইসলাম ও নোয়াখালীর স্বেচ্ছাসেবক দলের আবদুল্লাহ আল নোমান, শরীফ, শামীমসহ বিভিন্ন স্থানে দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে মুক্তি দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের বাবলু, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমূখ।

পুরনো খবর:

জামানত ৫০ হাজার করাসহ আরপিও সংশোধনে ৩৫ প্রস্তাব