২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন দমনে নির্যাতনের পথ নিয়েছে সরকার: বাম জোট

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে তাদের দমাতে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 12:25 AM

Updated : 11 Oct 2022, 12:33 PM

শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের এক বিবৃতিতে বলা হয়, “ভীতিকর ও আতঙ্কজনক পরস্থিতি তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পুলিশ ও দলীয় কর্মীরা।

“বিভ্রান্তি তৈরি করার জন্য সরকার নানা অপপ্রচার চালাচ্ছে। আন্দোলনে অংশগ্রহণ করার কারণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের হুমকি দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাব মহাপরিচালক যখন চলমান আন্দোলন রাজনৈতিক ইন্ধন ও নানা অপপ্রচারের কথা বলছেন, তখন জোট নেতারা সেই অভিযোগ চাপালেন সরকারের উপর।

শিক্ষার্থীদের দাবি মেনে না নিলে বা আন্দোলন দমানোর চেষ্টা করলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

বিবৃতিতে স্বাক্ষর দাতাদের মধ্যে রয়েছেন- সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

 বিবৃতিতে নেতারা নৌমন্ত্রী শাহাজান খানের অপসারণও দাবি করেছেন।

‘ফের হামলা হলে ৯ দফা পরিণত হবে এক দফায়’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ফের হামলা হলে তাদের ৯ দফা দাবি ‘এক দফায় পরিণত হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে এক সমাবেশে সেলিম অভিযোগ করেন, পরিবহন সেক্টরে ‘মাফিয়াতন্ত্রের বলি’ হয়েছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিম রাজিব।

গত ২৬ জুলাই দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।  শিক্ষার্থীদের টানা অবরোধে অচল হয়ে পড়েছে গোটা দেশ।

চলমান বিক্ষোভে সহমত জানিয়ে শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সংহতি সমাবেশের আয়োজন করে ছাত্র ইউনিয়ন।

তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম ছাড়াও ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক রেহনুমা খানম, কেন্দ্রীয় খেলাঘর আসরের সহ সভাপতি আবু সাঈদ, গবেষক আসিফ মুনীর।

সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, “সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবেন। পরিবহন খাতের এই নৈরাজ্যের অবসান ঘটিয়ে সকল দাবিদাওয়া মেনে নিতে হবে।

“তা না হলে শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে নয় দফাকে এক দফায় পরিণত করা হবে।”

গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষার্থীদের আন্দোলনে ‘রাজনৈতিক ইন্ধন’ দেখতে পাচ্ছেন বলে জানান।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আন্দোলনে ‘সন্ত্রাসী ঢুকে পড়ায়’ সড়ক আর শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়।

তারা দুজনেই অভিভাবক ও শিক্ষকদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাব মহাপরিচালকের বক্তব্যকে ‘হুমকি’ হিসেবে দেখছেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ।

পরে সমাবেশে অভিযোগ করা হয়, শুক্রবার বিকালে ধানমন্ডির বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ‘যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীবাহিনী’ হামলা করেছে।

ছাত্র ইউনিয়ন জানিয়েছে, ছাত্র ইউনিয়নের ধানমন্ডি কলাবাগান থানা শাখার সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন।