রাজশাহী: ভোটারদের ভাবনায় ভোটের দিনে পরিবেশ
রাত পোহালেই ভোট; রাজশাহীর কোর্ট কাচারি, চায়ের দোকান- সব জায়গায় আলোচনার প্রধান বিষয় এখন সিটি করপোরেশন নির্বাচন। আর সেই আলোচনায় বার বার ঘুরে ফিরে আসছে ভোটের দিনের পরিবেশ আর নিরাপত্তার প্রসঙ্গ।
রাজশাহীর ভোটাররা বলছেন, নির্বাচনী প্রচারের দিনগুলোর মত ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে- এটাই তাদের প্রত্যাশা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের ভোটার। বিগত দিনে নির্বাচনে যেরকম গোলযোগ হয়েছে, এবার এখন পর্যন্ত তেমন বড় কিছু না হওয়ায় ভোটের পরিবেশ নিয়ে তিনি আশাবাদী।
এই শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান দুই দলসহ সবাই বেশ আনন্দমুখর পরিবেশে প্রচার-প্রচার চালিয়েছে এবার। ভোটের পরিবেশ শেষ পর্যন্ত ভালো থাকবে, ভোটাররা নিরাপত্তার মধ্যে নিশ্চিন্তে ভোট দেবে -এটাই চাই।”
সোমবার বরিশাল ও সিলেটের সঙ্গে একই দিনে রাজশাহী সিটি করপোরেশনের ভোট হবে। এবার নগরীর ১৩৮টি ভোটকেন্দ্রে তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন ভোটারের ভোটগ্রহণের ব্যবস্থা হয়েছে।
পদ্মাপাড়ের এই নগরীতে মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিএনপির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বিতায় আছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির (নাজিউর) হাবিবুর রহমান ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম এবং হাতি প্রতীক নিয়ে গণসংহতি আন্দোলনের মুরাদ মোর্শেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে আছেন।
অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, “রাজশাহী নগরীকে যারা উন্নয়ন করতে পারবে, সেটা বুলবুলও হতে পারেন আবার লিটনও হতে পারেন, যে কেউ হতে পারেন- সেই বিবেচনা করে ভোট দেওয়া উচিত।”
নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ভোটার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয়শ্রী রাণী সরকার মনে করছেন, প্রযুক্তিকে যিনি গুরুত্ব দেবেন, তরুণরা তাকেই ভোট দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তিনি বলেন, “অনেকেই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তবে শিক্ষানগরী হিসাবে রাজশাহীকে প্রযুক্তিগত দিক থেকে যে এগিয়ে নিতে পারবে, এমন কাউকেই চাই। সেটা যে কেউ-ই হতে পারেন।”
তবে তার আগে যাতে সুষ্ঠু পরিবেশে ভোট হতে পারে- তা নিশ্চিত করার দাবি জানিয়ে এই শিক্ষার্থী বলেন বলেন, “ভোটের দিন মানুষ শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারবে এবং নারীরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, এই প্রত্যাশা করছি।”
নির্বাচনী প্রচারের সময় রাজশাহীর পরিস্থিতি ‘ভালো’ থাকলেও ভোটের দিন সব ঠিক থাকবে কি না- সেই সন্দেহ রয়েছে ৬ নম্বর ওয়ার্ডের ভোটার অটোচালক কামরুল ইসলামের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লিটন আর বুলবুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে মানুষ ঠিকমত ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে ভয় আছে।”
নগরীর নিউ মার্কেটে এলাকার ব্যবসায়ী খুরশিদ মাহমুদ বলেন, প্রার্থীরা সবাই রাজশাহীকে এগিয়ে নিতে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। ভোটররাও সেসব কথা শুনেছেন। তবে ভোটারদের মন বোঝা কঠিন।
“উন্নয়ন করতে পারবে এমন কাউকে হয়তো মানুষ ভোট দেবে। যদি না দেয়, তাহলে রাজশাহীর মানুষ ভুল করবে। তবে আমার মনে হয়, প্রচারের দিনগুলোর মত ভোটের দিনও আমরা উৎসবমুখর পরিবেশ পাব।”
বিনোদপুর কাঁচা বাজারে কথা হয় ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাকিম মিয়ার সঙ্গে। তার ধারণা, আওয়ামী লীগের প্রার্থী লিটনকে ‘দল-মত নির্বিশেষে’ সবাই ভোট দেবে।
“কারণ রাজশাহীর উন্নয়ন সবাই চাচ্ছে। অনেকেই বলছে, ভোট কেন্দ্র দখল করা হবে। এটা আসলে একদমই ঠিক না। রাজশাহীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। তারা শান্তিপূর্ণভাবেই ভোট দেয়। আশা করি কোনো ধরনের গ্যাঞ্জাম হবে না ভোট কেন্দ্রে।”
২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডি এলাকার বাসিন্দা রিপন মিয়ার ধারণা এরা ঠিক উল্টো; তার মতে, ভোট সুষ্ঠু হলে বিএনপির প্রার্থী বুলবুলই জিতবেন।
“আওয়ামী লীগ শুধু মুখে উন্নয়নের কথা বলে। আসলে রাজশাহীর উন্নয়ন কে করেছে, সেটা সবাই জানে। এখানে বিএনপি এগিয়ে আছে। নির্বাচন সুষ্ঠু হলে বুলবুলই মেয়র হবেন।”
জামায়াত ছাড়া বিএনপি ভোটে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে কি-না, এমন প্রশ্নে জামায়াত অধ্যুষিত এলাকার এই ভোটার বলেন, “আমি জামায়াতের রাজনীতি পছন্দ করি না। তবে বিএনপি ছাড়া আর কাউকেই জামায়াত ভোট দেবে না।”
ভোটের পরিবেশ আর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ আর হতাশা প্রকাশ পেল রিকশাচালক ওমর ফারুকের কথায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন যেদিন আসছে, তাতে সাধারণ মানুষ আর ভোট দিয়ে প্রার্থী নির্বাচন করতে পারে না। নির্বাচন হয় শুধু নামে। ভোটের দিন সব চেহারা পাল্টায়ে যায়।”
৫ নম্বর ওয়ার্ডের ভোটার ইমরানের সঙ্গে কথা হয় নগরীর আওয়ামী লীগ অফিসের সামনে। নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “এবার আর থামাথামি নাই। লিটন ভাই-ই যাবে। রাজশাহীর উন্নয়ন চাইলে বিএনপি সমর্থকরাও তাকেই ভোট দেবে।”
তবে মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারবে কি-না সেই শঙ্কা রয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার সুজন আহমেদের মনে।
“খুলনা, গাজীপুরের নির্বাচনে যেমন কেন্দ্র দখল হয়েছে, সেটা এখানেও হবে, আমি নিশ্চিত। মানুষজন তাহলে কেন ভোট দিতে যাবে? তাছাড়া মানুষের তো ভয়ও আছে।”
নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আলুপট্টি মোড়ে এক চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে ভোট নিয়ে আলাপে মগ্ন ছিলেন স্থানীয় বাসিন্দা মাসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে তিনি বলেন, “প্রচার-প্রচারণা তো খুব দেখলাম। আমরাও কম করলাম না। তবে শেষ দিনে বৃষ্টিতে একটু ঝামেলা হল। নির্বাচনের পরিবেশ ভালোই হবে, যা হওয়ার তাই হবে। সবাই ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে। লড়াইটা বেশ জমবে মনে হচ্ছে।”
মাসুদের এমন কথায় আপত্তি করলেন চায়ের দোকানি: “যা হবার, তাই হবে মানে কী? ভোট ভালো হলে দেখবি কী হয়।
তবে সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করতে গেলে ভোট নিয়ে আর কথা বাড়াতে চাইলেন না তিনি।
অটোরিকশায় নগরীর সাহেব বাজার থেকে বিনোদপুর যেতে যেতে কথা পঞ্চাশোর্ধ মো. সিদ্দিকের সঙ্গে। নগরীর ভদ্রা এলাকার ভোটার তিনি।
কথায় কথায় ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “এখন জোর যার, তার নীতিতে নির্বাচন হয়। এই নির্বাচনও তাই হবে। জানি না ভোট কেন্দ্রে যাব কিনা।”
সুশাসনের জন্য নাগরিক-সুজনের মহানগর কমিটির সমন্বয়ক সুব্রত পাল জানালেন, ১৫টি ওয়ার্ডে তাদের কর্মসূচিতেও ভোটারদের কাছ থেকে নির্বাচনের দিনের পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কয়েকশ মানুষের সঙ্গে কথা বলে নির্বাচনের হালচাল জানতে চেয়েছি আমরা। তাতে মনে হয়েছে, এবারের পরিবেশ ২০১৩ সালের নির্বাচনের মত অতোটা উৎসবমুখর হয়নি। এবার মানুষ একটু ভয়ে আছে।
“এর কারণ এবারের প্রচারের মধ্যে ককটেল বিস্ফোরণ। সেটা নিয়ে মানুষ আতঙ্কে রয়েছে। তবে নির্বাচন কমিশনের কাজ হবে মানুষের মনের ভয় কাটানোর জন্য বিভিন্নভাবে প্রচার চালানো, নিরাপত্তা সঠিকভাবে প্রয়োগ করা।”
সুব্রত পাল বলেন, “নাগরিকের ভোটের অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। কমিশন চাইলে এখনো সেই ব্যবস্থা করতে পারে। আমরাতো সবসময় চাই, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক।”
