২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভোটের প্রচারে সরগরম রাজশাহী

কখনও গুঁড়িগুঁড়ি, কখনও মুষলধারায়- সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বৃষ্টির এমন চিত্র; কোথাও বিকালেও ঝরেছে মাঝবর্ষার জলধারা- এর মধ্যেই ভোটের প্রচার চালিয়ে গেছেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

মাসুম বিল্লাহ

বদরুল হাসান লিটন ও শফিকুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 08:04 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

শুক্রবার ছুটির দিনে মিছিল আর পথসভার পাশাপাশি মাইকিংয়ে সরগরম ছিল পুরো নগরী; গানে-গানে কিংবা স্লোগানে-স্লোগানে প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া হয় মাইকে।

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের জন্য আর একদিন সময় পাবেন প্রার্থীরা; শনিবার রাত ১২টার পর থেকে অপেক্ষা থাকবে শুধু ভোটের।

বরিশাল ও সিলেটের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও ভোট গ্রহণ করা হবে ৩০ জুলাই। ওইদিন মেয়র পদের পাশাপাশি ৩০টি ওয়ার্ডের সাধারণ ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর বাছাইয়ে রায় দেবেন রাজশাহী নগরবাসী।

রাজশাহীতে ১৩৮টি ভোটকেন্দ্রে এবার ভোটার তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। মেয়র পদে পাঁচজনের সঙ্গে সাধারণ কাউন্সিলর পদে ১৬০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ধানের শীষ প্রতীকে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় আছেন কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির (নাজিউর) হাবিবুর রহমান ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে গণসংহতি আন্দোলনের মুরাদ মোর্শেদ হাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

সকাল ১০টায় সাহেববাজার কাঁচাবাজার এলাকা থেকে শুক্রবারের প্রচার শুরুর কথা থাকলেও বৃষ্টির মধ্যে নামেননি আওয়ামী লীগের প্রার্থী লিটন। তবে জুমার নামাজের পর নগরীর জাহাজঘাট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে প্রচারে দেখা যায় তাকে।

এরপর ৩০ নম্বর ওয়ার্ডের ধরমপুর, খোজাপুর ও তালাইমারি মোড়ে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট চান রাজশাহী মহানগর আওয়ামী লীগের এই সভাপতি। বিকালে সাহেব বাজার বড় মসজিদ, বড়কুঠি ও কুমারপাড়া গণসংযোগে বের হন সরকারদলীয় প্রার্থী।

তালাইমারি এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির বিভিন্ন অভিযোগ উড়িয়ে দিয়ে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে বলে উল্লেখ করেন জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের ছেলে লিটন।

এদিকে বৃষ্টির মধ্যেই সকাল সাড়ে ১০টার দিকে ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরের কাঁচাবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির প্রার্থী বুলবুল। এরপর ঝাউতলা, লক্ষ্মীপুর মোড় ও কাজিহাটাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে পুনরায় নিজের প্রতি সমর্থন চান গত মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করা এই বিএনপি নেতা।

বিকালে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে গণসংযোগের পাশাপাশি রাতে রাজপাড়া থানা এলাকায় গণসংযোগ করেন বুলবুল।

লক্ষ্মীপুর এলাকায় রাজশাহী মহানগর বিএনপির এই সভাপতি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নির্বাচনে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার ‘আওয়ামী ঘরানার’ লোক থেকে বাছাই করা হয়েছে। তাদের মাধ্যমে ভোটের আগের রাতে নৌকায় সিলমারা ব্যালট ভোটকেন্দ্রে লুকিয়ে রাখা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড তারা (ক্ষমতাসীনরা) করবেই। তারা চেষ্টা করছে…ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট কেটে বিভিন্ন জায়গায় সেটা লুকিয়ে রাখা হবে (স্কুলের) হেডমাস্টারের রুমে বা এসিসট্যান্ট হেডমাস্টারের রুমে।”

এ কারণে ভোটকেন্দ্রের ওইসব জায়গায় ‘সার্চলাইট’ বসানোর দাবি জানিয়ে বুলবুল বলেন, “এখানে এইচটি ইমাম নামে এক ভদ্রলোক আছেন, বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, তিনি বেছে বেছে... ৯০ পার্সেন্ট আওয়ামী লীগ ঘরানার লোকদের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে। আমরা আজকে দুপুরের মধ্যে এর গেজেট চাই।”

‘নিরপেক্ষ লোকদের’ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার করার দাবি জানানোর পাশাপাশি শুক্রবার থেকেই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অনেকগুলো অভিযোগ নির্বাচন কমিশনে দেওয়া হলেও কোনো প্রতিকার করা হয়নি।

সিলমারা ব্যালট লুকিয়ে রাখা ও প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া প্রসঙ্গে বিএনপি প্রার্থীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী লিটন বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রচারে শুরু থেকে বিএনপি এমন অভিযোগ করে আসছে।

“এটিও তাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত বা ষড়যন্ত্র বলে আমি মনে করি। প্রথম দিন থেকে তারা এই রকম নানা অভিযোগ দিয়ে আসছিল, এর মধ্যে নানা নাটকীয় ঘটনাও তারা ঘটিয়েছে। তার মধ্যে ধরাও পড়েছে সেগুলি। এটি তাদের উর্বর মস্তিষ্ক থেকে এনেছে। কাল্পনিক কোনো ঘটনা, হয়ত তারা স্বপ্নে দেখেতে পেয়েছে। আমরা এমন কোনো ঘটনা জানি না, শুনিওনি। হবে বলে মনেও করছি না।”

২০১৩ সালের রাজশাহী সিটি করপোরেশনে নির্দলীয় নির্বাচনে বিএনপি সমর্থিত বুলবুলের কাছেই হেরেছিলেন তার আগের পাঁচ বছর দায়িত্ব পালন করা লিটন।

সে নির্বাচনে বুলবুলের কাছে ৪৭ হাজার ভোটের ব্যবধানে ওই হার লিটনের জন্য বড় ধাক্কা হয়ে এলেও এবার পরিবেশ ‘অনেক ভালো’ মনে হচ্ছে তার কাছে।

এক প্রশ্নে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবারের চেয়ে পরিবেশ অনেক বেশি ভালো মনে হচ্ছে। কারণ, যিনি মেয়র ছিলেন তার কাছে কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন নগরবাসী পায়নি। তারা পরিবর্তন চান। আমি যেহেতু একবার কাজ করেছিলাম, কিছু ‍উন্নয়নমূলক কাজও করেছিলাম সেটি মাথায় রেখে তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।”

প্রতিকূল আবাহাওয়ার মধ্যে মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও ভোটাদের কাছে গিয়েছেন; হাতে অল্প সময় থাকায় বৃষ্টির বাধা উপেক্ষা করতে হয়েছে বলে জানালেন তারা।

কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম তজুকে সকালে বৃষ্টির মধ্যে ১১ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় গণসংযোগ করতে দেখা যায়। এরপর রাজারহাতা এলাকায় গণসংযোগ করেন তিনি।

গত পাঁচ বছর ওই ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব পালন করা আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী বলেন, “আর বাকী আছে একদিন, এখনতো বসে থাকার সময় নেই। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি ভালো এবং জয়ের আশা করছি।”

বিকালের বৃষ্টির মধ্যে গণসংযোগ চালাতে দেখা যায় ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বেলাল আহমেদকে। বৃষ্টির মধ্যেই ভুভুজেলা বাজিয়ে আর নেচে-গেয়ে ভোটা প্রার্থণা করেন বিএনপি সমর্থিত এই প্রার্থী ও তার সমর্থেকরা।

এ সময় তিনি বলেন, “আমার ওয়ার্ডের গত পাঁচ বছর কাউন্সিলর ছিলাম, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেছি। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এলাকাবাসীর ভোট কামনা করছি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের এক পরিপত্রে শুক্রবার রাত ১২টার পর নগরীতে বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। বহিরাগতদের মধ্যে ‘প্রভাবশালীরাও’ যদি নির্বাচনী এলাকায় অবস্থান করে, তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও সেখানে বলা হয়।

৯৭ বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীতে ভোট ঘিরে ১৪০০ পুলিশ, ১৯৩২ আনসার ও ৪৫০ জন র‌্যাব সদস্যের সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তাদের সঙ্গে ১৯ প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি থাকবেন ৩০ জন নির্বাহী ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

শুক্রবার বিজিবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য ভোটের জন্য রাজশাহী নগরীতে থাকবে। তাদের মধ্যে ১৫ প্লাটুন শনিবার সকাল ৭টা থেকে টহলে নামবে। বাকী ৪ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।