২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ বাম জোটের

সরকারের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত, আইনের শাসন নস্যাৎ ও বিরোধী মত দমনসহ নানা ‘স্বৈরতান্ত্রিক’ আচরণের অভিযোগ এনেছে সিপিবি-বাসদসহ আট বাম দলের সমন্বয়ে গঠিত ‘বাম গণতান্ত্রিক জোট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 01:23 AM

Updated : 19 Aug 2022, 02:23 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জোটের প্রথম কর্মসূচি ‘দুঃশাসন, জুলুম, দুর্নীতি, লুটপাট, পরিবারতন্ত্র রুখো’ শীর্ষক সমাবেশ থেকে এসব অভিযোগ করা হয়।

জোট সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। আইনের শাসনকে বিদায় দেওয়া হয়েছে। বিরোধী দল ও মতকে গায়ের জোরে দমন করা হচ্ছে।”

তিনি বলেন, “গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও ভীতি প্রদর্শনের অশুভ তৎপরতা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধনেও বাধা প্রদান ও আক্রমণ করা হচ্ছে।”

পুলিশের পাশাপাশি দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগকেও ‘সন্ত্রাসী হামলায়’ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মানুষের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে ‘ভোটারবিহীন সরকার দমন-পীড়নের পথে জবরদস্তি করে ক্ষমতায় বসে আছে’ বলেও মন্তব্য করেন সাইফুল হক।

তিনি বলেন, “জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য অত্যাচার, নির্যাতন, হয়রানিমূলক মিথ্যা মামলা, গ্রেপ্তার, রিমান্ডে শরীরিক-মানসিক নির্যাতন, অপহরণ, গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করছে। বিচার ব্যবস্থার উপর সরকার নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব কায়েম করেছে।”

‘ফ্যাসিবাদী’ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলেন, “জুলুম-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। দুঃশাসন, জুলুম উপেক্ষা করে জনগণ বিজয় ছিনিয়ে আনবেই।”

সমাবেশে অন্যদের মধ্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুসহ জোটের অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সিপিবি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জোটের কেন্দ্রীয় এ কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বগুড়া, গাইবান্ধা, পাবনা, নোয়াখালী, পটুয়াখালী, নেত্রকোণা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।