সিপিবি কার্যালয়ে ওবায়দুল কাদের
সরকারের বিরুদ্ধে ‘একনায়কতান্ত্রিক মনোভাব’ নিয়ে সমালোচনার মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় ঘুরে এলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচনের বছরে আটটি বাম দল নিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের পর সপ্তাহ না হতেই সিপিবি নেতাদের সঙ্গে মঙ্গলবার এই সাক্ষাৎ শেষে কাদের বলেন, সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পুরানা পল্টনের মুক্তি ভবনে সিপিবি কার্যালয়ে গিয়ে ঘণ্টাখানেক উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ। আমি বাসদের খালেকুজ্জামানের সাথেও ফোনে কথা বলেছি। আমি ফোনে কাদের সিদ্দিকী সাহেবের সাথেও কথা বলেছি। উনি গতকাল আমাকে কল করেছিলেন, কিন্তু খেয়াল করতে পারিনি। আজকে তাকে কল করেছি, কথা বলেছি। এটা একটা সৌজন্য বোধের ব্যাপার। একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাজনীতিতে থাকা উচিত।”
রাজনীতিতে সৌজন্য বোধ দরকার আছে মন্তব্য করে তিনি বলেন, “কর্নেল অলিও আমাকে ফোন করেছেন। আ স ম আব্দুর রবও আমাকে ফোন করেছেন। মেজর মান্নানও করেছেন। এভাবে ফোনালাপটা থাকলে অনেক কিছুই সমাধান হয়ে যায়।”
সিপিবি কার্যালয়ে যাওয়ার পেছনে কোনো ‘রাজনৈতিক অংক’ ছিল না জানিয়ে আওয়ামী লীগ নেতা কাদের বলেন, “যদি কোনো আলাপ করতে যাই তাহলে আমার পার্টির সভাপতির সাথে কথা বলে যাব এবং ওয়ার্কিং কমিটির সাথে কথা বলে যাব। রাজনীতির কোনো বিষয়ে আলোচনা করলে, কোনো ইকুয়েশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, অ্যালায়েন্সের ব্যাপারে আলাপ হলে, এটা দলীয় সিদ্ধান্ত ছাড়া আমি আলাপ করতে পারি না।”
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের কাছে ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাই না।”
এ বিষয়ে জানতে চাইলে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখন ঢাকার বাইরে আছি। আমাদের নেতারা বিকল্প জোটের কথা উনাকে (কাদের) জানিয়েছেন। বলেছেন, দুই জোটের বাইরে আমরা বিকল্প শক্তি গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি।”
গত বুধবারই সিপিবি, বাসদ ও গণসংহতিসহ আটটি রাজনৈতিক দল নিয়ে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠিত হয়েছে।
জোট ঘোষণার সংবাদ সম্মেলনে মুজাহিদুল ইসলাম সেলিম সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বলেন, এই সরকারের অধীনে ‘নিরপেক্ষ নির্বাচন’ সম্ভব নয়।
নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে ‘নিরপেক্ষ কর্তৃত্ব ব্যবস্থা’ চালুর দাবি জানান তিনি।
