বিশ্বের মতো দেশেও ইসলামপন্থিরা দ্বিধাবিভক্ত: এরশাদ
নির্বাচন সামনে রেখে দেশের ইসলামী দলগুলোকে নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির নেতৃত্বাধীন নির্বাচনী জোট সম্মিলিত জাতীয় জোটভুক্ত দল ইসলামী ঐক্য ফ্রন্ট আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এরশাদ বলেন, “বিশ্বের সমস্ত ইসলামী দেশগুলোর মতো ইসলামী দলগুলোও দ্বিধাবিভক্ত। ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। কিন্তু ইসলামী দেশগুলো এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছে না। দেশেও অনেক ইসলামী রয়েছে, তারাও একত্রিত হতে পারছে না।”
তিনি বলেন, “একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবার একত্রিত হওয়া ছাড়া মুক্তির পথ নেই।”
একটি জাতিকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থা ও যুব সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট উল্লেখ করে তিনি বলেন, “জিপিএ পাঁচ পাওয়া ছেলে-মেয়েরা জিপিএ ফাইভের অর্থ ধরতে পারে না। শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা একাধিকবার বলেছি, সরকার কর্ণপাত করেনি।”
তিনি আরও বলেন, “সৌদি আরবে আমাদের নারী শ্রমিকরা ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে। কোনো প্রতিকার হচ্ছে না। বলেছিলাম সংসদে মাদক সম্রাট রয়েছে, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ঘরে ঘরে আজ ইয়াবা। যুব সমাজ ধ্বংসের পথে।”
ইফতারে অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলমী ঐক্যফ্রন্ট নেতা আল্লামা আবু সুফিয়ান আবেদিন, আল্লামা হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
