রিজভী বলছেন না বুঝে: হাছান
ভারতের সঙ্গে গোপনে প্রতিরক্ষা চুক্তি হয়েছে বলে বিএনপির প্রচারকে ভিত্তিহীন বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বলেছেন, “বিএনপি বরাবরই মিথ্যাচার করছে। রিজভী আহমেদ না বুঝে অনেক কথা বলছেন।”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “সকল জনমতকে উপেক্ষা করে আকস্মিকভাবে ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সরকার।”
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এক সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী হাছান বলেন, “এমওইউ এবং চুক্তির পার্থক্য যারা বোঝে না, তারা একটি দলের পক্ষে একটি দায়িত্বশীল জায়গায় থেকে কথা বলা উচিৎ না। প্রকৃতপক্ষে এ মাসের সাত এবং আট তারিখে বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তিই হয়নি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় ২০১৭ সালের ৮ এপ্রিল কয়েকটি এমওইউ সই হয়েছিল জানিয়ে তিনি বলেন, “তার মধ্যে একটি এমওইউ ছিল সামরিক খাতে সহযোগিতার জন্য। এই এমওইউর সাথে মাত্র শতকরা এক ভাগে ৫০০ মিলিয়ন লাইন অফ ক্রেডিট দেওয়ার এমওইউ স্বাক্ষরিত হয়।
“সেই এমওইউর আলোকে একটি গাইড লাইন নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটাকেই তারা (বিএনপি) চুক্তি হিসেবে বলার অপচেষ্ট চালাচ্ছেন। যেখানে নতুন কোনো এমওইউই হয়নি, সেখানে চুক্তি আসল কোথা থেকে?”
হাছান বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল এবং ভারতের সঙ্গেও সীমান্ত চুক্তি স্বাক্ষরিত করেছিল। তখন তাদের কাছে কোনো সমস্যা হয়নি।”
বিএনপির নেতারা সুস্থ খালেদা জিয়াকে ‘অসুস্থ’ বানিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, “বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার স্বাস্থ্য। বিশেষজ্ঞ চিকিৎসকদের চেয়েও বিএনপি নেতারা বড় বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে গেছেন। আর সে জন্যই তারা চিকিৎসককে পাশ কাটিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা মন্তব্য করছেন।”
ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাছানের সঙ্গে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
