কাদেরের উদ্ভট কথায় মনে হয় হাছান ছুটিতে: রিজভী
পার্বত্য চট্টগ্রামে সংঘাত ও রক্তপাতের জন্য বিএনপিকে দায়ী করাকে ‘উদ্ভট’ বলেছেন বিএনপি।
এনিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে আমার মনে হচ্ছে যে, হাছান মাহমুদ (আওয়ামী লীগের প্রচার সম্পাদক) বোধ হয় ছুটিতে গেছেন। সেজন্য একজন অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপরই পড়েছে সব ফালতু ও উদ্ভট কথা বলার দায়িত্ব।”
গত বৃহস্পতি ও শুক্রবার রাঙামাটিতে হামলায় এক উপজেলা চেয়ারম্যানসহ ছয়জন নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য নিহতদের দল থেকে পাহাড়ি আরেক দল ইউপিডিএফকে দায়ী করা হচ্ছে।
চট্টগ্রামের সভায় ওবায়দুল কাদের
এর মধ্যে শনিবার চট্টগ্রামে আওয়ামী লীগের এক সভায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন পাহাড়ে ‘বিভেদ, রক্তপাতের মধ্যেও ঢুকে পড়েছে’ বলে ইঙ্গিত পাচ্ছেন তিনি।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে রোববার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন রিজভী।
রসিকতার সুরে তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মস্তিস্কে আঁধার নেমেছে বলেই লাগামছাড়া বক্তব্য দিচ্ছেন।”
কাদেরের বক্তব্য উড়িয়ে দিয়ে তিনি পাল্টা বলেন, “পাহাড়ে আওয়ামী লীগের লালিত সন্ত্রাসীরাই রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগ দেশব্যাপী নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত। পাবর্ত্য অঞ্চলের সন্ত্রাসী গ্রুপগুলোকে মদদ দিয়ে তারা ( আওয়ামী লীগ) পাহাড়ে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে।
“আমরা স্পষ্ট করেই বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম নিয়ে শেখ হাসিনার দেশবিরোধী নীতির কারণেই পাহাড়ে রক্ত ঝরছে। এজন্য সম্পূর্ণ দায়ী আওয়ামী শাসকগোষ্ঠী।”
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও ক্ষমতাসীন দল ও আইন শৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছে বলে দাবি করেন রিজভী।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী
তিনি বলেন, “একদিকে ক্ষমতাসীনদের হাতে হাতে অস্ত্র, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন। প্রতিদিনই গোয়েন্দারা বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে। সাঁড়াশি আক্রমণের মধ্যে দুই সিটিতে অবাধ, সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন দিনকে দিন ভয়াল রূপ ধারণ করেছে।”
নির্বাচনকে ভীতিমুক্ত করতে চায় না বলেই ইসি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেন রিজভী।
তিনি বলেন, “খুলনার পুলিশ কমিশনার ও গাজীপুর পুলিশ সুপারকে প্রত্যাহার করা না হলে দুই সিটিতে নির্বাচন হবে না, ভোটের দিন সিলেকশন হবে।”
রিজভীর এই সংবাদ সম্মেলনের পরপরই হাই কোর্ট একটি রিট আবেদনের শুনানি নিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে।
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে হামলার ঘটনায় বিএনপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপানসহ পাঁচজন এবং পাবনায় যুবদল সভাপতি শেখ তুহিনকে গ্রেপ্তারের নিন্দাও জানান রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ।
