রিটার্নিং কর্মকর্তা ছাত্রদলের হলে অসুবিধা কী: বিএনপি
খুলনার রিটার্নিং কর্মকর্তাকে নিয়ে আওয়ামী লীগের অভিযোগের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান প্রশ্ন করেছেন, ছাত্রলীগ করে আসা লোকজন গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকলে ছাত্রদল করে আসা একজনকে রাখা যাবে না কেন।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা খুব ইন্টারেস্টিং আর কি! আমরা সিইসি সাহেবকে বলেছি, আমরা তো আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম যে আপনি ছাত্রলীগ করতেন।
“আপনি ছাত্রলীগ করে যদি সিইসি হতে পারেন, তাহলে ছাত্রদলের লোক রিটার্নিং অফিসার হতে অসুবিধা কী?”
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন বলে অভিযোগ আওয়ামী লীগের। নির্বাচন পরিচালনার দায়িত্বে থেকে তিনি ‘পক্ষপাত’ করছেন বলে বুধবার নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে দলটি।
এদিকে রিটার্নিং কর্মকর্তাকে ‘সহযোগিতার জন্য’ যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্কতাকে খুলনায় পাঠিয়েছে নির্বাচন কমিশন।
এই প্রেক্ষাপটে শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতারা।
খুলনায় কর্মকর্তা পাঠানোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, “আওয়ামী লীগের দাবির আগেই কমিশন এটা করেছেন। কিন্তু আমরা মনে করি, এতে রিটার্নিং অফিসারকে প্রভাবিত করার একটা সম্ভাবনা রয়েছে খুব।
“রিটার্নিং অফিসার যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে সেজন্য তার চেয়ে সিনিয়র একজনকে পাঠানো হয়েছে। যদিও বলা হচ্ছে সতায়তা করার জন্য, আমাদের কাছে মনে হয়, এটা তার দায়িত্ব তদারকির জন্য। এটা আইন সিদ্ধ নয়।”
ইউনুচ আলীর ছাত্রদল সংশ্লিষ্টতার আওয়ামী লীগের অভিযোগ সত্যি কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, “আমি জানি না। যদি সত্যিও হয় তাহলেও তো কিছু করার নেই। কারণ সরকার নিজে, রাষ্ট্রপতি নিজে তাদের দলের লোকদের আরও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারেন, তাহলে অসুবিধা কী আছে?”
রিটার্নিং কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, “তার ভূমিকা এখন পর্যন্ত ভালো করে বোঝার সুযোগ আসেনি। এটা বোঝা যাবে নির্বাচনের সময়ে। গতকাল এইচ টি ইমাম সাহেব বলেছেন, সে নাকি ছাত্রদল করত, তাই দায়িত্বে থাকতে পারবে না।”
তার বিষয়ে আওয়ামী লীগের অভিযোগের ভিত্তি নেই দাবি করে এই বিএনপি নেতা বলেন, “রিটার্নিং অফিসার কোনো প্রশাসনিক কর্মকর্তা নয়। উনি শুধু নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।
“পুলিশ-প্রশসন যেভাবে সাজানো ছিল সেভাবে রয়েছে। আরও নতুন যোগ দিচ্ছে। সরকারের অধীনস্ত যেসব কর্মকর্তা তারা সরকারের হুকুম মতোই এসব (গ্রেপ্তার-ভীতি ছড়ানো) করছে বলে আমরা মনে করি।”
