ইসিতে আ. লীগের অভিযোগ ‘হাস্যকর’: ফখরুল
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ আওয়ামী লীগ করেছে তাকে ‘হাস্যকর’ বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানোর পর রিটার্নিং কর্মকর্তাকে ‘সহযোগিতার জন্য’ যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে।
এই পদক্ষেপকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপি নেতারা। গাজীপুরের পর খুলনা সিটির নির্বাচন স্থগিত করতে নির্বাচন কমিশনকে নিয়ে সরকার ‘নীল নকশা' করছে বলে অভিযোগ করছেন তারা।
খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বুধবার এসব ঘটনার পর রাতে এ বিষয়ে সাংবাদিকদের কাছে নিজেদের ওই অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল।
‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ অবিলম্বে খুলনার ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনারকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “হাস্যকর ব্যাপার, তারা ইসিতে গিয়ে বলেছে খুলনাতে নাকি নির্বাচনের অনুকূল পরিবেশ নেই, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তাদের জন্য নাকি সমস্যা তৈরি হচ্ছে এবং তারা অভিযুক্ত করেছেন রিটার্নিং অফিসারকে। নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে।
“যেখানে সরকার পুলিশ দিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে, হয়রানি করছে, হুমকি দিচ্ছে; আমাদের কমিশনার প্রার্থীদের ডেকে নিয়ে বলছে, তোমরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে পারবা না। সেখানে তারা বলছে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই।”
আওয়ামী লীগের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের খুলনায় কর্মকর্তা পাঠানোকে ‘সংবিধানবিরোধী’ আখ্যায়িত করে তিনি বলেন, “কোনোমতেই এটা গ্রহণযোগ্য নয়।”
নির্বাচন সুষ্ঠু হবে কি না সে বিষয়ে খুলনাবাসীর মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করছেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য যা যা অপকর্ম করা দরকার, সেই অপকর্ম সরকার করছে। অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে তারা এই নির্বাচন বাতিল করার জন্য, নির্বাচন স্থগিত করার জন্য নীলনকশা করছে।
“এই ধরনের নির্বাচন শুধু প্রহসন, এই ধরনের নির্বাচন শুধু খেলা হবে।”
খুলনা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ফখরুল বলেন, “আমরা জোরের সঙ্গে দাবি করছি, অবিলম্বে খুলনা থেকে ডিআইজিকে প্রত্যাহার করতে হবে, মহানগরের পুলিশ কমিশনারকে প্রত্যাহার করতে হবে। এসব অত্যন্ত জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়া উচিৎ বলে আমরা মনে করি। অন্যথায় সেখানে নির্বাচন খুব দুরূহ হয়ে যাবে।”
খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম মনজু বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
গাজীপুরে নির্বাচন স্থগিতের পেছনে সরকারের হাত রয়েছে অভিযোগ করে আদালতে মামলার নিষ্পত্তি সাপেক্ষে দ্রুত সেখানে নির্বাচন অনুষ্ঠানে তফসিল ঘোষণার দাবি জানান তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
