২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি না মেলায় বিক্ষোভের কর্মসূচি বিএনপির

নয়া পল্টনে বিকালে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বুধবার রাজধানীতে থানায় থানায় বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 12:09 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আজকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তার মুক্তির দাবিতে ঢাকায় যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটি পুলিশ সরকারের কথা শুনে অনুমতি দেয়নি।

“আমরা বিএনপির পক্ষ থেকে ঘোষণা করছি, এর প্রতিবাদে আগামী ৯ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।”

জিয়ার মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। ঢাকায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা ছিল বেলা ২টায়।

রিজভী বলেন, “আমরা গতকাল সমাবেশের অনুমতির জন্য সারাদিন এবং কি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি। পরে পুলিশের পক্ষ থেকে আমাদের জানিয়েছে যে, বিএনপিকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।

“এই জালিম সরকার জন আতঙ্কে ভুগছে বলে বিএনপিকে সমাবেশের অনুমতি দিচ্ছে না। আমরা সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এদিকে সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ৮টা থেকে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। কার্যালয়ের কাছাকাছি স্থানে রাখা হয়েছে জলজামানের গাড়ি, সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক ও ডা. সালাহউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।