২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী থানা থেকে ছাড়া পেয়েছেন বিএনপি নেতা নোমান

গাজীপুর সিটি করপোরেশনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে যাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে পাঁচ ঘণ্টা টঙ্গী থানায় আটকে রাখার পর ছেড়ে দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 10:45 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

এই নির্বাচন স্থগিতের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ফেরার পথে রোববার বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ নোমানসহ কয়েকজনকে ধরে টঙ্গী থানায় নিয়ে যায়।

সন্ধ্যার পর গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আতঙ্ক সৃষ্টির অভিযোগে নোমানসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে।

কিন্তু এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে টঙ্গী থানা থেকে নোমানকে ছেড়ে দেওয়া হয় বলে তার সহকারী নুরুল আজিম হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “স্যারকে ছেড়ে দিয়েছে, তিনি এখন ঢাকার পথে আছেন।”

গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি’ দেখা দেওয়ায় সাবেক মন্ত্রী নোমানকে থানায় রাখা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

নোমানকে ছাড়া হলেও আরও যে কয়েকজনকে আটক করা হয়েছিল, তাদের ছাড়া হয়নি বলে জানিয়েছেন টঙ্গী এসআই মো. ফয়েজ।

নোমানকে ধরে নেওয়ার পর বিএনপির মেয়র প্রার্থী হাসান সরকারের টঙ্গীর বাড়িও ঘিরে ফেলেছিল পুলিশ। সেখানে আটকা পড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলনসহ কয়েকজন।

তবে রাত ১০টার দিকে হাসান সরকারের বাড়ি থেকেও পুলিশ সরে যায়।

আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হাই কোর্ট স্থগিত করার পর স্থানীয় বিএনপিকর্মীরা বিক্ষোভ দেখায়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সেখানে ভোটের প্রচারে থাকা বিএনপির কেন্দ্রীয় নেতারাও।

টঙ্গীতে নিজের বাড়িতে হাসান সরকার সংবাদ সম্মেলন করেন, তাতে নোমানও উপস্থিত ছিলেন।

সেখান থেকে নিজের গাড়িতে করে ঢাকায় রওনা হয়েছিলেন নোমান।

সাবেক এই মন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হীরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “হাসান সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হয়ে টঙ্গী পৌরসভার কাছে গেলে স্যারকে পুলিশ তুলে নিয়ে যায়।”

তখন টঙ্গী থানায় ফোন করা হলে দায়িত্বরত কর্মকর্তা এএসআই তানিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোমানসহ ১৩ জনকে থানায় আনা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এএসআই তানিয়া।

রাত ৮টার দিকে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বিএনপি নেতা নোমানকে গ্রেপ্তারের খবর জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাংচুর, ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নোমানসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

নোমানকে চেড়ে দেওয়ার পর পুলিশ সুপার হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশের পর বিএনপিকর্মীরা বিভিন্ন স্থানে ভাংচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল।

“তখন নিরাপত্তার স্বার্থে বিএনপির কেন্দ্রীয় নেতা নোমানকে থানায় নিয়ে রাখা হয়েছিল। পরিস্থিতি শান্ত হওয়ার পর তাকে চলে যেতে দেওয়া হয়।”