গাজীপুর, খুলনায় ভোটারদের ভয় দেখাতে ঢালাও গ্রেপ্তার: বিএনপি
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটারদের ভয়-ভীতি দেখাতে বিরোধী নেতা-কর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
তিনি বলেন, “দুই সিটি নির্বাচনকে প্রভাবিত করতে এবং নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ভীতি ছড়াতেই গতকাল ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ নেতাদের ব্যাপকভাবে আটক করা হয়েছে।”
গাজীপুরে বিএনপির প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়ার পর পরই জামায়াতে ইসলামীর মেয়রপ্রার্থীসহ ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, “এটা কিসের আলামত? এটা কিসের নমুনা?
“ক্ষমতাসীনরা একটা শ্মশানের ভূমি করতে চান গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকাকে। সেখানে মানুষের কোনো আওয়াজ থাকবে না, আওয়াজ থাকবে শুধু আওয়ামী সন্ত্রাসী ও তাদের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের- এটাই হচ্ছে তাদের পরিকল্পনা।”
এরকম পরিস্থিতিতে দুই সিটিতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে না মন্তব্য করে রিজভী বলেন, “ইসিকে (নির্বাচন কমিশন) বলব, দুই সিটি নির্বাচন যেন রক্তাক্ত নির্বাচনের দিকে না যায় সেদিকে কমিশনকে সর্তক তৎপরতা দেখাতে হবে। সন্ত্রাসীদের প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠিত করতে অবশ্যই সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে।”
ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এম শামসুল হুদা, ইউনুস মৃধা, গোলাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, রফিকুল ইসলাম রাসেলসহ ২০ জন নেতা-কর্মী আটকের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান রিজভী।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের সমালোচনা করে তাকে ‘অপপ্রচার আর কুৎসা রটনার কোরাস দলের কান্ডারি’ বলেন অভিহিত করেন রুহুল কবির রিজভী।
অসুস্থ খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে সুচিকিৎসার দাবি আবারও জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান নাসিম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
