২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গ্রেপ্তার বাসদের নেতাকর্মীদের মুক্তির দাবি

বরিশালে বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ মিছিল থেকে গ্রেপ্তার বাসদ নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে সিপিবি-বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 08:45 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের করা ‘মিথ্যা মামলা’ ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিও জানানো হয়।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বরিশালে বিনা উসকানিতে পুলিশ শ্রমিক নেতাকর্মীদের ওপর হামরা চালিয়েছে; বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার করা সকল নেতাকর্মীদের মুক্তি ও শ্রমিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান তিনি।

“বিশেষ আদালত বসিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকল শ্রমিক নেতাদের মুক্তি দেন। তা না হলে সারা দেশে শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।”

সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেন, “মালিকরা পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেয় না, এই দাবি করতে গেলে পুলিশ হামলা চালায়, মিথ্যা মামলা দায়ের করে।

“পুলিশ গতকাল রাজবাড়িতে বিনা কারণে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ঢাকা আসতে বাধা দিয়েছে। বরিশালে শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।”

এসব মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “আওয়ামী লীগ শ্রমিকদের ভোটের প্রয়োজন মনে করে না। তারা আগে বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছে। এবারও বিনা ভোটের মঞ্চায়নের চেষ্টা করছে এই সরকার।

“তাই তারা শ্রমিকদের মূল্যায়ন করে না এবং তাদের ধরে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।”

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর এলাকা হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

গত ১৯ এপ্রিল বরিশাল সদর এলাকায় বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদ মিছিল থেকে জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবীব রুমনসহ ছয়জনক গ্রেপ্তার করে।

পরে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও বিশেষ ক্ষমতা আইনে ওই ছয় জনসহ আরও ৬০ জনের বিরুদ্ধে মামরা করে পুলিশ।