নিবন্ধন: ৫৬ দলকে ত্রুটি সংশোধন করতে বলেছে ইসি
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী ৫৬টি দলকে আবেদনের ত্রুটি সংশোধন এবং শর্ত পূরণ করে দুই সপ্তাহের মধ্যে নথিপত্র জমা দিতে বলেছে নির্বাচন কমিশন।
রোববার ইসির উপ সচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ৫৬টি দলের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবরে পাঠানো হয়েছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, এসব দল তাদের আবেদনের সঙ্গে নিবন্ধন বিধি অনুযায়ী শর্ত পূরণের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল জমা দেয়নি।
দলের কেন্দ্রীয় কমিটির সব পর্যায়ে নির্বাচিত কমিটির দলিল যুক্ত না করা; ২০২০ সালের মধ্যে ৩৩% নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়টি গঠনতন্ত্রে না রাখা; শিক্ষক-ছাত্র ও পেশাজীবীদের সমন্বয়ে অঙ্গ সংগঠন না রাখার বিষয়টি সংযোজন এবং প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত রাখার বিধান দলীয় গঠনতন্ত্রে যুক্ত না করার মত ঘাটতি রয়েছে এসব দলের আবেদনে।
এসব ঘাটতি পূরণের তথ্য ২২ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে দলগুলোকে।
ইসির উপসচিব আব্দুল হালিম খান সাংবাদিকদের বলেন, “ইসি সবার আবেদন পরীক্ষা-নিরীক্ষা করেছে। কিছু ঘাটতি ও প্রয়োজন সাপেক্ষে ত্রুটি সংশোধনের জন্য দলগুলোকে সময় দেওয়া হয়েছে।”
নির্ধারিত সময়ে তা দিতে ব্যর্থ হলে নিবন্ধন আবেদন বাতিল বলে গণ্য হবে বলে জানান তিনি।
এ বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আগ্রহীদের কাছে আবেদন চেয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী ৭৬টি দল নির্ধারিত সময়ে নিবন্ধনের আবেদন করে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১৯টি দল।
বর্তমানে কমিশনে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনের সময় মাত্র দুটি দল নিবন্ধন পায়।
আগ্রহী দলগুলোর মধ্যে যোগ্য দলকে চলতি মাসেই চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথা রয়েছে ইসির।
