লেনদেনের খবরে বিস্ময় বিএনপি নেতাদের
‘সন্দেহজনক’ যে ব্যাংক লেনদেনের তদন্তে দুদক নেমেছে, তা শুনে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির নেতারা।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডাচ-বাংলা ব্যাংকে তার কোনো একাউন্টই নেই। দলটির আরেক নেতা নজরুল ইসলাম বলেছেন, তিনি সারাজীবনেও ৭ কোটি টাকা লেনদেন করেননি।
‘রাজনৈতিক উদ্দেশ্যে’ এই অভিযোগ তুলে বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির এই দুই সদস্য।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে-পরে বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতার ‘সন্দেহজনক ১২৫ কোটি’ লেনদেনের খবর পেয়ে সোমবার তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন, যে খবর গণমাধ্যমে আসে।
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট থেকে গত ৩ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে ১২টি চেকের মাধ্যমে ২১ কোটি টাকা তোলা হয়েছে।
খন্দকার মোশাররফ বলেন, “ডাচ-বাংলা ব্যাংকে আমার এবং আমার পরিবারের কোনো সদস্যের কখনেও কোনো সময় একাউন্ট ছিল না, বর্তমানেও নাই।
“দুদকের কাছে আমার আহ্বান, যদি এই একাউন্ট থেকে থাকে, তাহলে কোন ব্রাঞ্চে আছে, কত নম্বর একাউন্ট, কোন তারিখে আমি খুলেছি, তা প্রকাশ করুন।”
নজরুল ইসলাম খান বলেন, “যে ৭ কোটি টাকা লেনদেনের কথা বলা হয়েছে, সেটা আমি সারাজীবনে লেনদেন করেছি বলে আমার মনে হয় না। এটি এক ধরনের নোংরা রসিকতা বলে আমি মনে করি।”
শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান ও ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুননবী খান সোহেলের একাউন্ট থেকে মার্চে দুই সপ্তাহের মধ্যে ৭ কোটি টাকা তোলা হয় বলে সংবাদপত্র প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ।
অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ইনসাইডার’ গত ১৭ মার্চ বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগগুলো প্রথম প্রকাশ হয়েছিল উল্লেখ করে নজরুল বলেন, এটি সরকারের ‘গোয়েন্দা সংস্থা বা এজেন্সির প্রতিষ্ঠান’ কি না, তা জানা দরকার।
খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু বলেন, “বাংলা ইনসাইডারের মতো আওয়ামী লীগ ২৫টি পোর্টাল করেছে মিথ্যা নিউজ প্রচারের জন্য। ইতোমধ্যে প্রতিনিয়ত এই মিথ্যা অপপ্রচার আপনারা দেখতে পারছেন। আগামীতে এরকম মিথ্যাচার আরও দেখবেন।”
দুদক যাদের ব্যাংক লেনদেন তদেন্ত নেমেছে, তাদের মধ্যে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।
এফবিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমি ব্যবসা করি লেনদেন হতেই পারে। সংবাদটিতে দেখলাম আমার নামে বিভিন্ন একাউন্ট নাম্বার দিয়েছে। কোনো কেনো ব্যাংকের নাম দেওয়া হয়েছে, যেখানে আমার কোনো একাউন্টই নাই।
“এই সংবাদ বা অভিযোগ সম্পূর্ণ মনগড়া অভিযোগ। কেন এই সংবাদ করা হল, কোথা থেকে এর উৎপত্তি- এটা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।”
খন্দকার মোশাররফ বলেন, “এটা সরকারের একটা নীল নকশা; মিথ্যা প্রচার, অবান্তর ও ভিত্তিহীন অপপ্রচার। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
“এসবের উদ্দেশ্য একটাই- বিএনপিকে বাইরে রেখে আবার ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো একটি খেলা সরকার খেলতে চায়। আমরা এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবি দেশ ও বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়ায় জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরাতে এই ‘ষড়যন্ত্রের খেলায়’ সরকার নেমেছে বলে অভিযোগ মোশাররফের।
নজরুল ইসলাম বলেন, “দুদক দাবি করে স্বাধীন প্রতিষ্ঠান, তারা সরকারের হাতের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার হুকুম করেছেন, এই লোকগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে- এদের বিরত কর, এদেরকে ভয় দেখাও, এদেরকে থামাও।”
আমীর খসরু বলেন, “এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রই কেবল নয়, একদলীয় শাসন প্রবর্তনের অংশ হিসেবেই সরকার এসব করছে।”
আউয়াল মিন্টু বলেন, “আমি শুধু দুদককে বলতে চাই, জনগণের পয়সা ও জনগণের কল্যাণে আপনাদের প্রতিষ্ঠিত করা হয়েছে। দয়া করে জনগণকে হেনস্তা করবেন না। এই হেনস্তার জন্য, দেশকে ধ্বংসের জন্য আপনাদের একদিন দায়িত্ব নিতে হবে।
“আমি যদি অন্যায় করি আমাকে ধরবেন, আইন অনুযায়ী ধরতে হবে, আইনের বাইরে গিয়ে নয়। সরকারের কারখানা থেকে তাদের ক্যাডারদের দিয়ে মিথ্যা নিউজ তৈরি করে তারপরে বলবে গোয়েন্দা সূত্র। তারপরে সেটা নিয়ে আমাদের আমাদের বিরুদ্ধে লাগবেন, এটা শুভ জিনিস নয়।”
