এবার হবে, আশায় ফখরুল
জার্মান সংস্থার তালিকায় ‘স্বৈরতান্ত্রিক দেশ’ হিসেবে বাংলাদেশের নাম আসায় এবার সরকার পরিবর্তনের আশা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে আন্দোলন চালিয়েও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে না পারার পর এখন দলীয় চেয়ারপারসন বন্দি হওয়ার মধ্যে নেতা-কর্মীদের এই আশা দেখান তিনি।
বিএনপি মহাসচিব সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে দলের এক আলোচনা সভায় বলেন, “সময় এখন আমাদেরই। আজকে গোটা পৃথিবী বলছে যে, বাংলাদেশ এখন একটা স্বৈরতান্ত্রিক দেশ হয়ে গেছে। এটা আমার কথা নয়, সারা পৃথিবী বলছে।”
বিশ্বের ১২৯টি দেশের অবস্থা পর্যবেক্ষণ করে জার্মান সংস্থা 'বেরটেলসম্যান স্টিফটুং'র করা ‘স্বৈরতান্ত্রিক দেশ’র তালিকায় বাংলাদেশের ঢোকার খবরটি শুক্রবার প্রকাশ পায়।
আওয়ামী লীগ নেতারা একে ষড়যন্ত্রমূলক তৎপরতা মনে করলেও এটাকেই এখন হাতিয়ার করতে চাইছেন বিএনপি মহাসচিব।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “ এটাকে শক্ত করে ধরুন। সাহস সঞ্চয় করে নামুন। আসুন আমরা জেগে উঠি। রাস্তায় জনপদে গণতন্ত্রের সৈনিকেরা মাথা তুলে সোচ্চার হয়ে এই কথাই বলতে থাকুন- আমরা গণতন্ত্র ফিরে চাই, গণতন্ত্রের মাতাকে (খালেদা জিয়া) ফিরে চাই, দেশনেত্রীর মুক্তি চাই।”
বিএনপি নেতারা আগে থেকে বলে আসছেন, আওয়ামী লীগের শাসনে বাংলাদেশ গণতন্ত্রহীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখন ভিন্ন মত প্রকাশ কিংবা প্রতিবাদ জানানোর কোনো সুযোগ নেই।
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আটকাতে ক্ষমতাসীনরা সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল। খালেদা জিয়ার সাজা এবং সারাদেশে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলা এরই অংশ বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “এখন দুঃসময় চলছে। এটা বিএনপির জন্য নয়, গোটা জাতির জন্য দুঃসময়। সারাদেশে আমাদের নেতা-কর্মীদের মামলার সংখ্যা ৭৮ হাজার, আসামির সংখ্যা ১৮ লাখের উপরে। তার অর্থ কী? যে এই ১৮ লাখ নেতা-কর্মী যেন নির্বাচনে কাজ করতে না পারে।”
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। লাখো নেতা-কর্মী যারা বন্দি হয়ে আছেন, তাদের সকলকে মুক্ত করে আমরা অবশ্যই দেশনেত্রীকে সামনে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাব,” বলেন তিনি।
বিএনপি এখন আগের চেয়েও শক্তিশালী দাবি করে ফখরুল বলেন, “যতই এদিক-ওদিক টানা-টানি করেন, আমাদের সাধারণ নেতা-কর্মীরা বিএনপি ছেড়ে যায় না। বড়রা কেউ কেউ দল ছেড়ে যেতে পারে, নেতা-কর্মীরা কেউ যায় না।”
সদ্য পুলিশের হেফাজতে মারা যাওয়া ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের পরিবার এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ফখরুল। আবেগপ্রবণ কণ্ঠে তিনি নির্জন কক্ষে দলীয় প্রধান খালেদা জিয়ার কারাবাসের কথাও বলেন।
ঢাকার নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে জাসাসের এই আলোচনা সভায় সংগঠনটির নেতা-কর্মীদের জনগণকে জাগিয়ে তুলতে সক্রিয় হতে বলেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, তার মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি বাবুল আহমেদ, মীর সানাউল হক, কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ, চৌধুরী মাজহারুল আলী, সৈয়দ হাসান সোহেল, ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনার পর জাসাস শিল্পীদের পরিবেশনায় গান হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার নয়া পল্টন থেকে শোভাযাত্রা বের করবে বিএনপি।
