মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আ. লীগ: সেলিম
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলে দাবি করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদাতা দলটির বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
সেলিম বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু মিসইউজ না, আওয়ামী লীগ এটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
আওয়ামী লীগের এক সময়কার রাজনৈতিক মিত্র সিপিবির সভাপতি একইসঙ্গে বলেন, “আর এর বিরুদ্ধ প্রবণতা দাঁড় করিয়ে বিএনপি দল সেই জায়গায় প্রতিষ্ঠা এবং পরিচালনা করছে।”
দুই দলের সমালোচনা করে তিনি বলেন, “এই রকম একটা পরিস্থিতির ভেতরে আমরা আছি।”
অনুষ্ঠানে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “বহুজন মনে করে যুদ্ধপরাধের বিচার, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িতা বিরোধী লড়াই আওয়ামী লীগের এজেন্ডা। এটা আওয়ামী লীগের এজেন্ডা নয়। আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা লিজ দিয়ে রাখলে তারা এই চেতনাকে মিসইউজ করবে।”
ঢাকার পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান হয়।
সিপিবি সভাপতি সেলিম ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে পোস্টার-সাইনবোর্ডের মাধ্যমে ‘স্বাধীনতার চেতনার ধারা’ তুলে ধরার ‘ব্যবসা’র সমালোচনা করেন।
“সেখানে বড় যে লেখাটা একটা নাম, অর্থাৎ যে সাইনবোর্ড দিয়েছে তার ছবি বড় করে দেওয়া। এটা তার একটা ব্যবসা, ইনভেস্টমেন্ট। এটাকে তার ব্যবসায়িক ও রাজনৈতিক ক্যারিয়ারের কাজে সে ব্যবহার করে চাইছে। এই কলঙ্ক থেকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ধারাকে উদ্ধার করতে হবে।”
সরকার গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারকে সতর্ক করে সিপিবি সভাপতি বলেন, “আবার যদি গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হয়, আমরা হরতাল দিয়ে তা প্রতিরোধের চেষ্টা করব।”
নির্বাচনে প্রার্থীর জামানত বাড়ানোর উদ্যোগের সমালোচনাও করেন সেলিম।
“৫০ হাজার টাকা জামানত বাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটার সঙ্গে ৩০ হাজার টাকা দিয়ে ভোটার লিস্ট কিনতে হবে। অর্থাৎ ৮০ হাজার টাকা। এত টাকা আমাদের ৯০ শতাংশ জনগণ এক সঙ্গে চোখে দেখে না। আমাদেরকে প্রার্থী হওয়ার পথ বন্ধ করে দিচ্ছে।”
বাম মোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, “দেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলছে। নির্বাচন ব্যবস্থা আজকে স্বৈরতান্ত্রিক হয়ে গেছে। সেখানে ভালো কোনো মানুষ নির্বাচিত হওয়া কঠিন হয়ে পড়েছে। গণতান্ত্রিক নির্বাচনের পরিস্থিতি নেই। আমরা মনে করি নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ লাগবে।”
অনুষ্ঠানে বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা আজিজুর রহমান, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের নেতা আবুল হাসান রুবেল বক্তব্য দেন।
