দুদক এখন প্রধানমন্ত্রীর ইচ্ছাপূরণের সংস্থা: বিএনপি
দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা বাড়াতে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আপিলের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, সংস্থাটি প্রধানমন্ত্রীর ইচ্ছায় এই পদক্ষেপ নিয়েছে।
রোববার দুদকের আপিল দায়েরের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সরকার দুদককে ব্যবহার করছে এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মানস সন্তান। প্রধানমন্ত্রী যা চাইবেন তার ইচ্ছাপূরণ করবে এই দুদক। এজন্য তারা এটা (আবেদন) করেছে।”
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
বয়স, সামাজিক অবস্থান বিবেচনা করে খালেদাকে সাজা কম দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। অন্য আসামিদের দেওয়া হয়েছে ১০ বছর করে কারাদণ্ড।
কারাগারের পথে খালেদা জিয়া
সাজা বাতিলে খালেদা জিয়ার আপিলের পর দুদকও এখন সাজা বাড়াতে আপিল করেছে হাই কোর্টে।
রিজভী বলেন, “এই যে সাজা দেওয়া হয়েছে এটা শেখ হাসিনার ইচ্ছাপূরণের সাজা। রায় ঘোষণার পর তার (শেখ হাসিনা) যেভাবে উল্লাস প্রকাশ, সেখানেই মনে হয়েছে যে তার অনেকদিনের আকাঙ্ক্ষা, একটা প্রহসনের বিচার প্রক্রিয়ার মধ্যে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে নির্যাতন করা।”
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী গত ১৮ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ধরে নেওয়া ঢাকা মহানগর সবুজবাগ থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সোহরাব হোসেন সেন্টুকে জনসমক্ষে হাজির করার দাবি জানান।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নবীউল্লাহ নবীকে বার বার রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
