রাস্তার ঘটনার দায় দলের নয়, সরকারের: কাদের
সাতই মার্চের সমাবেশের মিছিল থেকে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার এই ঘটনা তাদের দলের বিষয় নয়, তবে এতে সরকারের দায় রয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভামুখী একটি মিছিলের কয়েকজন যুবক বাংলামটর মোড়ে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে ফেইসবুক পোস্টে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর উপকমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ওবায়দুল কাদের।
জবাবে তিনি বলেন, “সমাবেশের বাইরে ঢাকার রাস্তায় কোথায় কী হয়েছে, এটা আমাদের দলের বিষয় নয়। আর এটাতে অবশ্যই সরকারের দায় আছে।”
সরকারের এই মন্ত্রী বলেন, “কোথাও যদি কিছু ঘটে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি খতিয়ে দেখছেন। এ সরকারের আমলে এ ধরনের কিছু ঘটিয়ে কেউ রেহাই পায়নি, গতকাল যদি ঘটে থাকে, কেউ ছাড় পাবে না।”
ওই ঘটনার ভিডিও ফুটেজ হাতে পাওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “ভিডিও ফুটেজ দেখে তাদের আইডেনটিফাই করার চেষ্টা হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকের অন্য এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাদের দলীয় প্রধানের সঙ্গে কথা বলে হাসতে হাসতে জেলগেইট দিয়ে বেরিয়ে গেলেন, তাদের কেউ গ্রেপ্তার হয়েছেন-এটা জানা নেই।
“বিএনপি নিজেদের সঙ্গে হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়ে, আর দোষ হয় সরকারের। সবকিছুতে ‘নন্দ ঘোষ’ সরকারের দায় খুঁজে পেতে চায়।”
সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর আহ্বানে কারও আঁতে ঘা লাগা, অন্তর্জ্বালার কিছু নেই। আওয়ামী লীগের প্রধান হিসেবে শেখ হাসিনার ভোট চাওয়ার অধিকার আছে। দেশে যেন অশুভ, সাম্প্রদায়িক শক্তি আর ক্ষমতায় আসতে না পারে- প্রধানমন্ত্রী দেশবাসীকে এটি মনে করিয়ে দিয়েছেন। এখানে বিএনপির অন্তর্জ্বালার কী আছে?”
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং উপকমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
