২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বামপন্থিদের ‘বাস্তবমুখী’ হতে পরামর্শ রেহমান সোবহানের

সমাজের বর্তমান বাস্তবতার নিরিখে আন্দোলনের রূপরেখা প্রণয়নে বামপন্থিদের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 10:07 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দলটির উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।

১৯২১ সালে গঠিত ভারতের কমিউনিস্ট পার্টি ১৯৪৭ সালে ভারত ভাগের পর বিভক্ত হয়। তবে ভৌগোলিক ও আঞ্চলিক অবস্থা বিবেচনায় পাকিস্তানের দুই অংশে দুটি কমিউনিস্ট পার্টি গঠিত হয়। পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ১৯৭১ সালে স্বাধীনতার সিপিবি নামে যাত্রা শুরু করে।

নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আসা সিপিবির আলোচনা সভায় যোগ দিয়ে রেহমান সোবহান বলেন, অর্থনৈতিক বৈষম্য টিকিয়ে রাখতেই দেশে আজ অগণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখা হয়েছে।

“বৈষম্য দূর করতে বাম দলগুলোকে সমাজের বাস্তবতার নিরিখে আন্দোলনের রূপরেখা নিতে হবে। বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য না রেখে কোনো আন্দোলন সফল হয় না। আন্দোলনে যদি বাস্তবতা থাকে, তাহলে সাধারণ জনগণকে এই আন্দোলনে যুক্ত করা যায়।”

বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য রেহমান সোবহান এই প্রসঙ্গে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের জনপ্রিয় হয়ে  ওঠার কথাও বলেন।

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের স্বার্থের জন্য আওয়ামী লীগ গঠন করেছিলেন। বঙ্গবন্ধু বাস্তবতার নিরিখে আন্দোলনের বিষয়গুলো নির্ধারণ করেছিলেন বলেই উনার সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছিলেন।”

বর্তমান বাংলাদেশে যে সাত শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে, তার পেছনে দেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অবদানের বিষয়টি তুলে ধরে তাদের স্বার্থে কাজ করতে সিপিবির প্রতি আহ্বান জানান রেহমান সোবহান।

“দেশের গার্মেন্ট শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা দেশে বৈদেশিক মুদ্রা আনছে। কৃষকরা কৃষি উৎপাদন পাঁচ গুণ বাড়িয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের ফল প্রকৃত উৎপাদকরা পাচ্ছে না। প্রকৃত উৎপাদকরা যাতে উন্নয়নের সুফল ভোগ করতে পারে, সেজন্য আন্দোলন গড়ে তুলতে হবে।”

ঢাকার বিয়াম মিলনায়তনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এই আলোচনা সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু বক্তব্য দেন।

Image
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম

সিপিবি সভাপতি সেলিম বলেন, এই দেশে কমিউনিস্ট পার্টিকে নানান লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধের পর দেশকে বিপথে পরিচালনার নীতি থেকে যথাযথ ভূমিকায় ফিরিয়ে আনতে সিপিবি লড়াই করছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে সিপিবি সভাপতি বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি লুটেরা ধনিক শ্রেণীর দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ বিএনপির সাথে পাল্লা দিয়ে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে। রাজনীতিতে আদর্শ নিচে পড়ে গেছে। যারা ভাবেন ভিতর থেকে আওয়ামী লীগকে পরিবর্তন করা যাবে তারা ভুল ভাবছেন।”

এই পরিস্থিতিতে বামপন্থিদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালানোর আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে সিপিবির বিভিন্ন শাখা নানা কর্মসূচি পালন করে।

মঙ্গলবার সকালে ঢাকার সূত্রাপুর থানার উদ্যোগে লাল পতাকা মিছিল বের হয়।

পুরান ঢাকার লোহারপুলে এক সমাবেশে লাল পতাকা উত্তোলন করেন সিপিবি সূত্রাপুর থানার সভাপতি আবু তাহের বকুল। সেখানে বক্তব্য রাখেন সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল, থানা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা ও জাহিদ হোসেন খান।

সাজেদুল হক বলেন, “সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতির বিধান রেখে কখনই সাম্প্রদায়িকতা রুখে দেওয়া যায় না। শিক্ষক হুমায়ুন আজাদ থেকে শুরু করে জাফর ইকবালের ঘটনা সবই সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষকতার ফসল।”

বর্তমান পরিস্থিতিতে সরকারের সমালোচনা করে বিকাশ সাহা বলেন, “হাজার হাজার কোটি টাকা অবাধে লুট হচ্ছে। আর এই লুটপাটে সহায়তা করছে খোদ সরকার। সন্ত্রাসী-লুটপাটকারীরা সরকারি দলের ছত্রছায়ায় থেকে নিজেদের আখের গোছাচ্ছে। কোনোভাবেই এই অবস্থা মেনে নেওয়া যায় না।”

সমাবেশের পর লোহার পুল থেকে লাল পতাকা মিছিল বেরিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।