২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক: কাদের

বিএনপিকে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 09:46 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে এক সভায় তিনি বলেন, “অবশেষে তারা.. ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। এই হামলাকারী কারা তাদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। এরা সাম্প্রদায়িক অপশক্তির কিলিং গ্রুপের সদস্য। এটা একটা টার্গেট অ্যাটাক এবং এই অপশক্তিকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি নামক একটি দল।”

সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে জনগণ ভোটে তার জবাব দেবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সেই দলের মহাসচিব বলে আমরা আড়াল করছি, কি আড়াল করা হয়েছে? সঙ্গে সঙ্গে অ্যাটাকার গ্রেপ্তার হয়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা। প্রধানমন্ত্রী স্বয়ং তদারকি করছেন। মায়ের থেকে ফখরুল সাহেব মাসির দরদ যেন বেশি।

“আপনার এই বক্তব্য থেকে এটাই আমরা ইঙ্গিত পাচ্ছি। এইসব না করে এই অপশক্তির পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। এসব করে চৌদ্দ সালে যে ভুল করেছেন সেই ভুলের মাসুল এখনো আপনাদের গুণতে হচ্ছে। এই অপশক্তিকে মদদ দান যদি অব্যাহত রাখেন, তবে আগামী নির্বাচনে জনগণ ব্যালটে সমুচিত জবাব দেবে।”

উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীকে কিছু কিছু গণমাধ্যম কাভারেজ দিচ্ছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

“আমাদের দেশের মিডিয়ার একটি অংশ, প্রকাশ্যেই সরকারকে প্রতিপক্ষ করে একটি দলের পক্ষ হয়ে আদাজল খেয়ে নেমেছে। অধিকাংশ মিডিয়া বলছে, খুলনার জনসভা সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে, বরিশালের জনসভা স্মরণাতিত বড় সমাবেশ, সিলেটের জনসভা সমসাময়িককালে নেই। কিন্তু কেউ কেউ সত্যকে বিকৃত করে। মনে হয় যেন তারা দিতে হয় সেজন্য কোন রকমে সাদামাটা একটা রিপোর্ট দিয়েছে। বিশাল জনসভাকে বিশাল বলতে তাদের লজ্জা হয়।

“তারা কারা আমরা জানি, আমি সংবাদপত্রের সাথে বসেছি। তথ্যমন্ত্রী আমাকে আমন্ত্রণ করেছিল। সেখানে আমি বলেছি, আমাদের যেটা প্রাপ্য সেটা দিবেন। কিন্তু প্রধানমন্ত্রী, সরকার প্রধানকে বারবার বঞ্চিত করা হচ্ছে, বারবার তার সঙ্গে যে আচরণটা করা হচ্ছে এটাকে বস্তুনিষ্ঠ আচরণ বলে না। আমি সব মিডিয়াকে বলছি না। কিছু কিছু মিডিয়া, আপনারাও জানেন এরা কারা।”

৭ মার্চের সমাবেশকে কেন্দ্র করে ওইদিন দোকান-পাট বন্ধ না করার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “৭ মার্চ, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর- এই দিবসগুলোর আনুষ্ঠানিকতা কি করে অন্য দিন করব? এটা কমন সেন্সের ব্যাপার। এই দিবসগুলোর মূল আনুষ্ঠানিকতা কী অন্য দিন সাজে?

“তার পরেও আমি বলব আপনারা যারা অফিস করেন অফিস বন্ধ রাখবেন না, আপনারা যারা মার্কেটে আছেন মার্কেট বন্ধ রাখবেন না। মার্কেট বন্ধের যে অপপ্রচারটি হচ্ছে এরকম কোনো সিদ্ধান্ত আমাদের নেই। অফিস বন্ধ করে, মার্কেট বন্ধ করে যেতে হবে সেটা আমরা কিন্তু বলিনি।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

‘বিএনপি নেতারাই খালেদাকে জেলে রাখতে চায়’

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার দলের নেতারাই জেলে রাখতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে সাপ্তাহিক ক্রাইম জগতের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি নেত্রী কেন কারাগারে আছেন? এতিমের টাকা মেরে খাওয়ায় দুর্নীতির মামলায় তিনি কারাগারে আছেন। আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার রায় দিয়েছে। কিন্তু এটা নিয়ে আজকে বিএনপি-জামায়াত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করে ধ্বংসস্তুপে পরিণত করতে চায়।

“চুরি করে কারো জনপ্রিয়তা বৃদ্ধি পায় এমন ঘটনা কেউ শুনেছেন। তাও আবার এতিমের টাকা। আর এতে নাকি তার জনপ্রিয়তা বাড়ছে।  আসলে তাদের বলার উদ্দেশ্য হল অন্যটা। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বেগম জিয়া কারাগারেই থাক। কারাগারে থাকলে বিএনপির জনপ্রিয়তা বাড়বে। এটা বুঝেই আসলে তারা খালেদা জিয়াকে কারাগারে রাখতে চায়?”

অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সমালোচনা করেন হানিফ।

তিনি বলেন, “এই হত্যাকাণ্ড কিন্তু আজকে থেকে শুরু হয়নি। এটা জাতি দেখেছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়। সেই সময়ও কিন্তু আমরা দেখেছি ধর্মের দোহাই দিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই আমরা অনেকটাই এদের প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। এখনো যারা আছে, তারা বিএনপি-জামায়াতের মদদেই সক্রিয় আছে। ”

ক্রাইম জগতের প্রকাশক ও সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।