২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিএনপির মিছিল, পুলিশের ধাওয়া

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলীয় কার্যালয়ের কাছ থেকে আগের দিনের মতো মিছিল বের করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 02:16 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

শনিবার দুপুরের এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক।

মিছিলে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, আ ক ম মোজাম্মেল হক, খান রবিউল ইসলাম রবিও ছিলেন।

নয়া পল্টন থেকে শুরু এই মিছিল ফকিরাপুলের কাছে গেলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটেক করেছে।

বেলা ১টা ২০ মিনিটে হাউজ বিল্ডিংয়ের গলি থেকে বিএনপি নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে দৈনিক বাংলার কাছে আসে। সেখানে যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু মিছিলে যোগ দেন।

মিছিলটি ফকিরাপুল পানি ট্যাংকের কাছে গেলে হাজার খানেক নেতা-কর্মী এই মিছিলে যোগ দেন। তখন মিছিলের সামনে আসেন মির্জা আব্বাস, ফারুক ও বুলু।

মিছিলটি পানির ট্যাংক অতিক্রম করে ২০ গজ পেরুনোর পর পুলিশ পেছন দিক থেকে ধাওয়া দেয়। এরপর গলি থেকে কয়েকজনকে আটক করে।

এদিকে বিজয়নগর থেকেও একটি মিছিল বের হলে সেখান থেকে নগর বিএনপি নেতা নবীউল্লাহ নবীসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়। তিনি এখন কারাগারে রয়েছেন।

এর প্রতিবাদে বিএনপি শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।