২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্য আইন চলছে: মান্না

সরকারের বিরুদ্ধে আদালত ও পুলিশকে প্রভাবিত করার অভিযোগ তুলে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন ‘বন্য আইন’ চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 05:04 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার পরদিন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় এ অভিযোগ করেন তিনি।

মান্না বলেন, “আমি কখনো দেখিনি, পুলিশের কেউ এই রকম দালালি করে কথা বলে। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বলতে পারেন, কারণ তিনি রাজনীতি করেন।… দিস ইজ দ্য রুল অব জঙ্গল। একেবারে একটি বন্য আইন চলছে।”

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খালেদার ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে দেওয়া হয় ১০ বছরের সাজা।

খালেদা ও বিএনপিকে আইনের রাস্তায় সমাধান খোঁজার পরামর্শ দিলেও বর্তমান পরিস্থিতিতে আদালতের ওপর ‘আস্থা রাখা সম্ভব নয়’ বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

“আইনের পথে চলার কথা আমিও বলি। কিন্তু আইনের রাস্তায় ট্রাফিক বসা থাকবে না তো? হাইওয়ের মতো চলতে পারবে তো?”

তিনি বলেন, আইন যেন তার নিজস্ব গতিতে চলতে পারে- সেই ব্যবস্থা নিতে হবে সবার আগে। তা না হলে মানুষের কোথাও যাওয়ার জায়গা থাকবে না।

“এই লোয়ার কোর্ট সাজা দিয়েছে, এই লোয়ার কোর্টের উপরে অবনত মস্তকে শ্রদ্ধা জানাতে হবে, তেমন নয়। সেজন্য আপিলে যাই আমরা। এই লোয়ার কোর্টের উপর আমি আস্থা রাখতে পারি না। এই লোয়ার কোর্ট সম্পর্কে এত কথা বলেছিলেন সিনহা... তাকে চলে যেতে হয়েছে।

“তারপরে একজন, তিনি ভারপ্রাপ্ত-দায়িত্বপ্রাপ্ত থাকতে পারলেন, কিন্তু পূর্ণাঙ্গ হতে পারলেন না কেন? সিনিয়রিটি ভাঙ্গা হল। আপিল বিভাগের চারজন বিচারপতি আছেন। যে রকম করে আপনারা প্রধান বিচারপতি নিয়োগ করেছেন, সে রকম করে বাকি সাতজনকে নিয়োগ দেন, তাহলে কার ঘাড়ে কয়টা মাথা আছে যে সঠিক রায় দেবে?... যেখানে প্রধান বিচারপতিকে কাঁদতে কাঁদতে যেতে হয়।”

খালেদার রায়ের প্রসঙ্গ টেনে মান্না বলেন, “আজকে তিনি জামিন পাবেন কি পাবেন না- সেই বিতর্ক উঠছে। সে বিষয়ে আমি কিছু বলতে পারি না। আমি শুধু বলতে পারি, সেই রায়টা যেন প্রভাবিত না হয়। এটাকে কেন্দ্র করে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন থমকে না যায়। নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। তার মধ্যেও গণতন্ত্রের পথে যাত্রাটা যেন ঠিক থাকে।”

নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা এবং শিক্ষাঙ্গন’ শীর্ষক ওই গোলটেবিলে মান্না প্রশ্ন ফাঁসের সঙ্গে খালেদার রায়ের বিষয়টি মিলিয়ে সরকার ও শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন।   

তিনি বলেন, শিক্ষামন্ত্রী যদি এই রায়ের দায়িত্বে থাকতেন, তাহলে আগেই ফাঁস হয়ে যেত! অবশ্য রায়তো অনেকখানি ফাঁস ছিলই। তিন বছর, না পাঁচ বছর… না আট বছর- তিন বছরের নিচে নয়… এসব যারা যারা বলতেন, তারা কেমনে জানেন যে এই রায় হবে? সে মানুষগুলো যদি বলে আমরা রায় জানতাম, তাহলে তোমরা সরকারে থেকে জানো না- এটা বিশ্বাস করা যাবে?”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না বলেন, “আমাদের সবার দাবি ছিল এটা নির্বাচনের বছর, নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়। এই দাবি যেন মানা হয়। দাবি মানার ক্ষেত্রে ধীরে ধীরে যে দেয়াল উঠছে, সেই দেয়াল যেন সরে যায়।”

সরকারের উদেশে তিনি বলেন, “আবার যদি ৫ জানুয়ারির মত নির্বাচনের চেষ্টা করেন, তাহলে বোঝা যাবে, বাংলাদেশে অগ্রগতির পথে যে কাঁটাটা ছিল, সেটাকে আরও পুঁতে দেওয়া হল। যদি পরিস্থিতি সেদিকে যায়, তাহলে তার দায় সরকারকেই নিতে হবে।”

অন্যদের মধ্যে জাতীয় পার্টি-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অনুষ্ঠানে বক্তব্য দেন। মূল বক্তব্য পড়ে শোনান নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব রিয়াজুল ইসলাম।