খোকন-শওকতের আগাম জামিন
ঢাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
বিএনপির ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদও এদিন আগাম জামিন পেয়েছেন।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে পৃথক আবেদন নিয়ে হাজির হলে তাদের জামিন হয়।
খোকনকে পুলিশ প্রতিবেদন পর্যন্ত ও শওকতকে আট সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে।
খোকনের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার ও সানজিত সিদ্দিকী।
গত ৩০ জানুয়ারি বিএনপি নেত্রী খালেদা জিয়া জজ আদালতে এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর ওই হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় একটি মামলা করে পুলিশ, যার তিনটিতেই খোকনকে এবং রমনা থানার মামলায় শওকত মাহমুদকে আসামি করা হয়েছে।
আইনজীবী সানজিত সাংবাদিকদের বলেন, “গত সপ্তাহে এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে মাহবুব উদ্দিন খোকনকে বিদেশ থেকে ফেরার পর তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিল আদালত।
“আজ এসব মামলায় আগাম জামিন পেয়েছেন তিনি। পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।”
শওকত মাহমুদের আইনজীবী এম আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রমনা থানায় পুলিশের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সাংবাদিক শওকত মাহমুদ।
তিনি বলেন, যে ঘটনায় শওকত মাহমুদকে আসামি করা হয়েছে তার আনেক আগে থেকেই তিনি খাগড়াছড়িতে ছিলেন।
তিন মামলাতেই সিুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকেও আসামি করা হয়েছে। হাই কোর্টের একই বেঞ্চ গত ১ ফেব্রুয়ারি তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে।
