২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল নিরাপত্তা আইন না করার দাবিতে সমাবেশ

সাংবাদিক, গবেষক, ভিন্নমতাবলম্বী রাজনীতিকসহ বিভিন্ন মহলকে দমন-পীড়নের জন্য সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করছে বলে অভিযোগ করা হয়েছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার সমাবেশ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 01:40 AM

Updated : 11 Oct 2022, 12:05 PM

রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার কর’ শীর্ষক সমাবেশে এই অভিযোগ করা হয়।

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামে এক কালো আইন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এই আইন দুর্নীতিবাজদের রক্ষার আইন ও সাংবাদিকদের মুখে টেপ লাগনোর জন্য করা হয়েছে।

“সরকার কালো আইন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু মানুষ এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে।”

সমাবেশে অন্যদের মধ্যে বাম মোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আবদুস সাত্তার, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী) নেতা আকম জহিরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক বক্তব্য দেন।

সমাবেশে শেষ প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাই কোর্টের কদম ফোয়ারা ঘুরে পুরানা পল্টন মোড় দিয়ে সিপিবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও অংশ নেন।