বিএনপি নেতৃত্বই হামলা করিয়েছে: ওবায়দুল কাদের
বিএনপি নেতারাই রাজধানীতে পুলিশের ওপর হামলার ‘মূল পরিকল্পনাকারী’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত মঙ্গলবার হাই কোর্টের সামনে পুলিশের ওপর হামলাকারীরা ‘অনুপ্রবেশকারী’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন তার প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এই কথা বলেন।
বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, “ফুটেজ আছে। এ হামলার ফুটেজ কিন্তু মুছে যায়নি। এ হামলা কিভাবে হয়েছে তা দিবালোকের মত পরিষ্কার।
“এটা অনুপ্রবেশ নয়, এটা পূর্বপরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা। এ হামলার মাস্টার মাইন্ড হচ্ছে বিএনপির নেতৃত্ব, তারাই এ হামলা করিয়েছে।”
ঘটনার দিন বিএনপি নেত্রী খালেদা জিয়া জজ আদালতে এক মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলা হয়।
ওই ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা, ভাংচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় একটি মামলা করেছে পুলিশ।
পরদিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, পুলিশের ওপর যারা হামলা করেছে, তারা ‘অনুপ্রবেশকারী’।
পুলিশের করা মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে আটক করা হয়।
এছাড়া তিন মামলাতেই বিএনপির ভাইস চেয়ারমান জয়নুল আবেদীন ও যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনকেও আসামি করা হয়েছে।
হামলার ঘটনার পর সরকার আবারো ক্ষমতায় থাকতে বিএনপি শীর্ষ নেতাদের আটক করছে বলে বিএনপি নেতারা দাবি করে আসছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “সেদিন হাই কোর্টের সামনে যে ধরনের হামলা হয়েছে, তাতে যারা জড়িত তাদের গ্রেপ্তার না করে কি করব? কারা কারা ওখানে ছিল ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে।
“বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য গ্রেপ্তার হয়নি। এ হামলায় পুলিশকে দোষ দিতে পারবে না, কারণ হামলার উস্কানি তারাই দিয়েছে, তারাই ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্য ঘটিয়েছে।”
ওবায়দুল কাদের বলেন, “আমরা কি মানুষের জানমাল রক্ষায় এ ধরনের ঘটনা বিনা বিচারের ঝুঁকির মুখে ফেলে দিব? এ ধরনের ঘটনাকে আস্কারা দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং সেই কারণে সরকার এখানে নিরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।”
আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলায় রায় ঘোষণার বিষয়ে তিনি বলেন, “আমরা সতর্ক থাকব, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, উস্কানিমূলক, নাশকতা জাতীয় কিছু করা হয় এবং সহিংতার দেখা যায়, তাহলে জনগণকে সাথে রেখে উদ্ভূত পরিস্থিতির সমুচিত জবাব দেয়া হবে।”
