২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আন্দোলন: মোশাররফ

খালেদা জিয়ার মামলায় রায়ের দিনক্ষণ ঠিক হওয়ায় নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপিন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 08:33 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

তিনি বলেছেন, “দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এতদিন আমরা আইনিভাবে মোকাবেলা করেছি। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, যদি এই মিথ্যা, বানোয়াট ও পাতানো মামলাকে কেন্দ্র করে আমাদের নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব।

“আপনাদের সামনে সেই ডাক আসবে। আন্দোলন-সংগ্রামের ডাক আসবে, সেই ডাকে আপনারা ঐক্যবদ্ধভাবে সাড়া দেবেন, এই প্রত্যাশা আমি করছি,” নেতা-কর্মীদের উদ্দেশে বলেন মোশাররফ।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ঠিক হওয়ার পরপরই বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আন্দোলনের হুঁশিয়ারি দেন মোশাররফ।

অর্থ আত্মসাতের এই মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তার ছেলে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এই মামলার আসামি।

খন্দকার মোশাররফ বলেন, “এই মামলার সাথে তার (খালেদা জিয়া) কোনো প্রকার সম্পৃক্ততা নেই। কুয়েতের আমির ট্রাস্টে টাকা সরাসরি দান করেছিলেন, এটা প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে আসে না। তারপরও গায়ের জোরে উনার বিরুদ্ধে মামলা চালিয়ে গেছে।

“একটাই উদ্দেশ্য- ২০১৪ সালের মতো আবার সেইভাবে ভোট ছাড়া ক্ষমতায় টিকে থাকতে দেশনেত্রীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে বাইরে রাখতে।”

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া একাদশ সংসদ নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। যত ষড়যন্ত্র করেন না কেন, আমরা এর মোকাবেলা রাজনৈতিকভাবে করব।”

প্রলয়কাণ্ড ঘটবে, হুঁশিয়ারি

মামলায় খালেদা জিয়ার সাজার রায় হলে বাংলাদেশে ‘প্রলয়কাণ্ড’ ঘটবে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির আন্দোলনের সামর্থ্য  নিয়ে  ক্ষমতাসীনদের প্রশ্ন তোলার প্রেক্ষাপটেই তিনি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

রিজভী বলেন, “প্রতিদিন আপনি (প্রধানমন্ত্রী) ৩০/৩৫ জনকে গ্রেপ্তার করছেন, তারপরও শক্তিতে কমে না। নিজের বুকের শার্ট খুলে বুক চিতিয়ে যারা গ্রেপ্তার বরণ করতে পারে, তারা বেগম জিয়ার বিরুদ্ধে অশুভ কিছু হলে এই দেশে প্রলয়কাণ্ড ঘটিয়ে দেবে। দেশে তুমুল ঝড়ো হাওয়া বয়ে যাবে।”