আ. লীগও সদয় ছিল না: এরশাদ
আওয়ামী লীগের সঙ্গে জোট করলেও এই দলটিও জাতীয় পার্টির প্রতি সুবিচার করেনি বলে অভিযোগ করেছেন এইচ এম এরশাদ।
সোমবার দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে বিএনপির সঙ্গে আওয়ামী লীগকেও একই দোষে দোষী করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এরশাদ বলেন, “কেউ সদয় ছিল না। আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় এসেছে আমাদের সহযোগিতায়। কিন্তু তারা প্রায়ই এটা ভুলে যায়। ’৯৬ এর নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করলাম। কী পেলাম? আমার দল ভাঙার চেষ্টা করা হল, আমার ১৪ জন এমপিকে কিনে নেওয়া হল। আমাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হল।”
“এরপর ২০০১ এর নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীরা সব বিএনপিকে ভোট দিল। নেগেটিভ ভোর্টিং এ বিএনপি জিতে সরকার গঠন করল। আমার দোষ নাই। এরপর ২০০৮ সালের নির্বাচনে আমাদের দেওয়ার কথা ছিল ৪৮টি আসন। কিন্তু নির্বাচনে (এই ৪৮ টির মধ্যে) ১৭ টিতে তারা প্রার্থী ঘোষণা করল। আমরা পেলাম ২৭ ভোট আর বিএনপি ২৯। মাত্র দুটি বেশি পেয়ে বিএনপি বিরোধী দল হয়ে গেল।”
আওয়ামী লীগ ও বিএনপির সম্মিলিত আন্দোলনের মুখে ১৯৯০ সালে পতন ঘটে সামরিক শাসক এরশাদের। তবে তারপর তাকে নিয়ে দুই প্রধান দলের টানাটানি চলছে।
১৯৯৬ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে সরকারে অংশ নিয়েছিল জাতীয় পার্টি, মন্ত্রী হয়েছিলেন তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু। কিন্তু পরে আওয়ামী লীগের সঙ্গে এরশাদের দূরত্ব তৈরি হলে আলাদা দল করে সরকারে থেকে যান মঞ্জু।
২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ঢুকে আবার সরকারের অংশীদার হয় জাতীয় পার্টি। পরের বিএনপিবিহীন নির্বাচনে আলাদাভাবে অংশ নিলেও সংসদে বিরোধী দলের আসন নেওয়ার সঙ্গে সরকারেও যোগ দেয় জাতীয় পার্টি। এরশাদ নিজেও এখন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে আছেন।
২০১৮ সালে দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এইচ এম এরশাদের সঙ্গে রওশন এরশাদ ও জিএম কাদের। তাদের দ্বন্দ্ব তখন সামলেছিলেন এরশাদ; এখন কী হবে, ভাবনায় জাতীয় পার্টির কর্মীরা
“আমাকে জেলে দিয়েছিলেন, আমার স্ত্রী-পুত্রকে জেলে পাঠিয়েছিলেন। আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছিলেন, আজকে আপনারা জেলের সামনে, আপনাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। একে বলে আল্লাহর বিচার।”
জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “জাতীয় পার্টি ইজ বিগ ফ্যাক্টর ইন পলিটিক্স। জাতীয় পার্টি ছাড়া আগামী নির্বাচন হবে না। আমাদের সামনে যে সুযোগ আছে তা হারানো যাবে না। সংগ্রাম করতে হবে, বিজয় ছিনিয়ে আনতে হবে।”
৩২ বছর পেরিয়ে আসা জাতীয় পার্টি এখন ‘পূর্ণ যৌবন’ অতিক্রম করছে বলে মন্তব্য করেন এরশাদ।
তিনি বলেন, “আগামী ১৫ ফেব্রুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব। প্রমাণ করব যে জাতীয় পার্টি সবচেয়ে জনপ্রিয় দল।”
দলে নিজের উত্তরসূরি কে- সে বিষয়ে অশীতিপর এরশাদ বলেন, “আমার পরে কে আসবে, তা আমি ঘোষণা করব। যদি না পারি তাহলে দলের প্রেসিডিয়াম ফোরাম সিদ্ধান্ত নেবে।”
সমাবেশে জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, সোলায়মান আলম শেঠ, নির্বাহী কমিটির নেতা নাসিরউদ্দিন মামুন, আশরাফুজ্জামান খান উপস্থিত ছিলেন।
