বিশৃঙ্খলার ছক এঁকেছে বিএনপি-জামায়াত: হাছান
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারের রায় ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ছক এঁকেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “আজকে বেগম খালেদা জিয়ার বিচার চলছে। কারণ এতিমখানা স্থাপনের নামে যে অর্থ বিদেশ থেকে এসেছে- সেই অর্থ গ্রহণ করেছেন, কিন্তু এতিমখানা স্থাপন করেননি। কোনো এতিমখানার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই।
“এজন্য বেগম খালেদা জিয়ার বিচার চলছে। এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বেগম খালেদা জিয়া বাংলাদেশের আদালতে সময় নেওয়ার রেকর্ড করেছেন।”
তিনি বলেন, “বেগম জিয়ার বিচার কার্য যখন শেষ পর্যায়ে। যখন ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেষ পর্যায়ে তখন দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।
“বেগম খালেদা জিয়ার বিচারের রায় হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার ছক এঁকেছে বিএনপি-জামায়াত। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।”
জিয়া এতিমখান ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আদালতে যুক্তিতর্কের শুনানি চলছে। যুক্তিতর্কের শুনানি শেষেই সাধারণত কোনো মামলা রায়ের পর্যায়ে আসে।
‘বেগম খালেদা জিয়া ও তার পরিবারের বিদেশের পাচারকৃত অর্থ সম্পদ ফেরত আনা এবং বাংলাদেশের কলঙ্ক, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী জিয়া পরিবারকে বিচারের আওতায় আনার দাবিতে’ এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এই আওয়ামী লীগ নেতার ভাষ্য, “সৌদি আরবের গ্রেপ্তার ১১ জন যুবরাজের মধ্যে দুজন যুবরাজ স্বীকার করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের কয়েকজন রাজনীতিবিদের কাছ থেকে তারা অর্থ পেয়েছেন; যে অর্থ তাদের মাধ্যমে ওই রাজনীতিবিদরা ব্যবসায় লগ্নি করেছেন।
“প্রতি তিন মাস অন্তর এই সমস্ত রাজনীতিবিদকে লভ্যাংশ দিতে হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান, আরাফাত রহমান কোকো আর সাঈদ ইস্কান্দর। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ তারা লগ্নি করেছেন।”
হাছান মাহমুদ বলেন, “এতদিন ভাবতাম- তারেক রহমান লন্ডনে প্রাসাদোপম বাড়িতে কিভাবে থাকেন, দামি ব্র্যান্ডের গাড়ি চালান। এখন থলের বেড়াল বেড়িয়ে গেছে। যেই লভ্যাংশ পান সেটি দিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন।”
বিদেশে জিয়া পরিবারের সম্পদের খবর সম্পর্কে মন্তব্য করায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উকিল নোটিস পাঠানোর যে কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন তার কোনো হদিস নেই বলছেন এই আওয়ামী লীগ নেতা।
“উকিল নোটিস নানাভাবে চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সংবাদ সম্মেলনে সেই উকিল নোটিশ পড়ে ফেললেন। এই উকিল নোটিশ পাঠানোতেও তারা জালিয়াতি করলেন। মানে কোনো উকিল নোটিশ না পাঠিয়ে সংবাদ সম্মেলন করে বলে দিলেন।”
‘আর প্রার্থী খুঁজে পেলেন না’
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী নিয়েও মন্তব্য করেন হাছান।
তিনি বলেন, “দেখলাম বিএনপির পক্ষ থেকে এক পিতা পুত্রের নাম ঘোষণা করেছেন। আবদুল আউয়াল মিন্টু তার পুত্র তাবিথ আওয়ালের নাম ঘোষণা করেছেন।
“এই তাবিথ আওয়াল, আবদুল আউয়াল মিন্টুর নাম পানামা পেপারসে উঠেছে বাংলাদেশ থেকে অর্থ চুরির। খালেদা জিয়া আর কোনো ক্যান্ডিডেট খুঁজে পেলেন না বিএনপির মধ্যে। বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করে- তার এবং তার পরিবারের সদস্যকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন।”
তিনি বলেন, “অর্থাৎ রতনে রতন চেনে, কুকুরে চেনে হাড়, চোরে চেনে চোর। বেগম খালেদা জিয়া নিজেও চোর, তার প্রার্থীও চোর।
“আগামী বছর ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত নিতে হবে কাকে আপনারা ক্ষমতায় বসাবেন। যারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে তাকে, নাকি যিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন তাকে ক্ষমতায় বসাব।”
উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি বখতেয়ার সাঈদ ইরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসীম উদ্দিন শাহ এবং উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তৈয়ব।
