এ মামলা রাজনৈতিক কালিমালিপ্ত: যুক্তিতর্কে খালেদার আইনজীবী
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্কে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এই মামলা ‘রাজনৈতিক কালিমালিপ্ত’।
রাষ্ট্রপক্ষ এ মামলায় ‘ভুয়া তথ্যপ্রমাণ’ দাখিল করেছে বলে যুক্তিতর্কে মন্তব্য করেছেন খালেদার আরেক আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
বকশীবাজারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিশেষ এজলাসে বৃহস্পতিবার এ মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক শুনানি চলে খালেদা জিয়ার উপস্থিতিতে।
দুপুরের পর এ জে মোহাম্মদ আলীর যুক্তি উপস্থাপনের সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হলে এক পর্যায়ে শুনানি মুলতবি করে ৩ ও ৪ জানুয়ারি পরবর্তী তারিখ রাখেন এ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।
এ মামলায় খালেদার পক্ষে আইনজীবী আবদুর রেজাক খান মোট চার দিন যুক্তি উপস্থাপন করার পর বুধবার খন্দকার মাহবুব তার যুক্তি উপস্থাপন শুরু করেছিলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হওয়ার পর খন্দকার মাহবুব তার বাকি বক্তব্য উপস্থাপন শুরু করেন।
জিয়া এতিমখানা ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে এ মামলা করে দুদক। খন্দকার মাহবুব বলেন,ওই টাকা পাঠিয়েছিলেন কুয়েতের আমির।
“সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান (বিএনপির সাবেক মহাসচিব) সেই টাকা এনেছিলেন। ওই টাকা জিয়া মেমোরিয়াল ট্রাস্টে গিয়েছিল। অথচ তখন কোন মামলা হল না?”
খন্দকার মাহবুব বলেন, “এক যাত্রায় পৃথক ফল ফল কেন হল? এটা তো হয় না।”
এ মামলায় ‘রাজনৈতিক গন্ধ’ আছে এবং মামলাটি ‘রাজনৈতিক কালিমালিপ্ত’ বলে মন্তব্য করেন খালেদার এই আইনজীবী।
তিনি দাবি করেন, সাক্ষ্য–প্রমাণে এ মামলায় কোনো অর্থ আত্মসাতের বিষয় প্রমাণিত হয়নি।
খন্দকার মাহবুবের বক্তব্য শেষে ১৫ মিনিটের বিরতি দেওয়া হয়। পরে পৌনে ১টার দিকে যুক্তি উপস্থাপন শুরু করেন এ জে মোহাম্মদ আলী।
তিনি দাবি করেন, রাষ্ট্রপক্ষ এ মামলায় ‘ভুয়া তথ্যপ্রমাণ’ দাখিল করেছে।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর প্রতিবাদ জানিয়ে বলেন, “কোনটা ফলস? আপনিতে জেরাই করেননি। আপনি জাননে না বলে এভাবে বলছেন।”
কাজল কথা বলায় খালেদার আইনজীবীরা হৈ চৈ শুরু করে দেন। এ জে মোহাম্মদ আলী বলেন, “এটা আমাদের কথা বলা সময়। আপনি কথা বলতে পারেন না।”
পরে তার আবেদনে বিচারক দুদকের আইনজীবীকে বলেন, “আপনি বসুন, পরে আপনার কথা শুনব।”
এরপর এ জে মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় বা দপ্তর এবং রাষ্ট্রপতির ত্রাণ তহবিলের কাটা ঘষামাজা কাগজপত্র রাষ্ট্রপক্ষের বেশ কয়েকজন সাক্ষী আদালতে সাক্ষ্যের সমর্থনে দাখিল করেছেন, যা নথিতে সন্নিবেশিত হয়েছে। এই কাগজগুলো বানানো।
দুদকের প্রধান আইনজীবী কাজল তার প্রতিবাদ জানিয়ে বলেন, “বিচারক যখন তা গ্রহণ করেন, তখন আপনারা সেটাতে কেন আপত্তি তোলেননি? এখন তো আর্গুমেন্ট । আপনি শুনানির এ পর্যায়ে ওই বিষযগুলো নিয়ে কথা বলতে পারেন না।”
তার কথায় সায় দিয়ে বিচারকও বলেন, “আপনারা কেন ওই সময় আপত্তি তুললেন না? ওই কাগজগুলো তাহলে আসামিপক্ষের আপত্তির নোট দিয়ে নথিতে সন্নিবেশ করতাম।”
এ পর্যায়ে কথা শুরু করেন আসামিপক্ষের আরেক আইনজীবী রেজাক খান।
তিনি বলেন, “আপত্তির তো দরকার নেই। সাক্ষ্য আইনই বলে দিয়েছে, কোন সাক্ষ্য দিয়ে কোন কোন কাগজ গ্রহণ করা যাবে, কোন কাগজ গৃহীত হবে না। এসব কাগজ তো এডমিসিবল নয়।”
এরপরও বাদানুবাদ চলতে থাকলে বিচারক শুনানি ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে দেন।
শুনানি শেষে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি সাক্ষ্য প্রমাণ যেটা রয়েছে, যদি অন্য কোনো উপায় না হয়, যদি অন্য কোনো পন্থা না হয়, ওহি নাজিল না হয়, তবে এই মামলায় অবশ্যই খালেদা জিয়াকে খালাস দিতে হবে।”
তিনি বলেন, এই টাকাটা আসলে জিয়াউর রহমানের নামে ট্রাস্টে অনুদান এসেছে কুয়েত থেকে। এটা সরকারি অর্থও না।
ট্রাস্টের কোনো অর্থ আত্মসাৎ হয়নি বলে এই আইনজীবী দাবি করার পর এক সাংবাদিক জানতে চান, অর্থটি কোথায়?
জবাবে খন্দকার মাহবুব বলেন, “যে ২ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা এসেছিল, সেই টাকা বর্তমানে ট্রাস্টের একাউন্টে। তাদেরই (রাষ্ট্রপক্ষের) হিসাবে ৬ কোটি টাকার উপরে।”
জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।
পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।
মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন। তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ রয়েছেন কারাগারে।
এজলাসে তন্দ্রা ও ঘুম
খালেদা জিয়ার এই মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কয়েকজনকে তন্দ্রালু এবং কয়েকজনকে ঘুমাতে দেখা যায়।
প্রসিকিউশন বিভাগের একজন পুলিশ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদেরকে ঘুমাতে দেখা যায় আদালত কক্ষে।
সকালে আদালতের প্রবেশপথে কর্তব্যরত পুলিশ কনস্টেবলরা কয়েকজন সাংবাদিককে আটকে দিয়েছিলেন। পরে পরিচয় জেনে তাদের ঢুকতে দেওয়া হয়। টিভি সাংবাদিকদের এই সমস্যায় পড়তে হয়নি।
