বক্তব্য পাল্টে রেহাই পাবেন না শিক্ষামন্ত্রী: রিজভী
ঘুষ নিয়ে নিজের বক্তব্য পাল্টে শিক্ষামন্ত্রী দুর্নীতির দায় থেকে রেহাই পাবেন না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
গত রোববার এক অনুষ্ঠানে ঘুষ নিয়ে বক্তব্যের সমালোচনার মধ্যে বুধবার সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অতীতের উদোহরণ দিতে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা খণ্ডিতভাবে প্রচার করায় বিভ্রান্তির তৈরি হয়েছে।
বিকালে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “এখন বোধহয় তার ওপরে চরম ঝড় বয়ে যাচ্ছে। আজকে আবার তিনি বলে বসলেন যে, না এটা আমি ইনহেরিট করেছি, এটা আসলে বিএনপি জোট সরকার আমলের বোঝা। গত পরশুদিন তিনি এই কথা বলেননি।
“গতকাল থেকে তার উপরে কালবৈশাখী ঝড়ে চলছে। এই ঝড়ে একেবারে ন্যূজ হয়ে এই কথা বলেছেন নিজে বাঁচার জন্য, মন্ত্রীত্ব রক্ষা করার জন্য। আমরা বলতে চাই, এতে কোনো লাভ হবে না শিক্ষামন্ত্রী।”
রোববার শিক্ষা ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্যের একটি ভিডিও ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়, যাতে কর্মকর্তাদের ‘সহনশীল মাত্রায় ঘুষ খাওয়ার’ পরামর্শ দেওয়া হয়েছে।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা, আট বছর আগের অবস্থা কেমন ছিল বোঝাতে গিয়ে মন্ত্রী সভায় ওই কথা বলেন। এরপর বিভিন্ন ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতির এখন অনেক উন্নতি হয়েছে। কিন্তু কিছু সংবাদ মাধ্যম অতীত বিষয়ক বক্তব্য ও তুলনাকে বর্তমানের কথা ধরে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নাহিদও একই ধরনের ব্যাখ্যা দেন।
শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, “আপনারা শিক্ষাকে পণ্যে পরিণত করেছেন, শিক্ষাকে এতো অনৈতিক জায়গায় নিয়ে গেছেন ক্লাস ওয়ান থেকে ইন্টার মিডিয়েট ক্লাস পর্যন্ত। শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁস ও নকলের মহোৎসব তৈরি করেছেন।
“এর দায় থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন না, নিষ্কুতি পাবেন না। আজকে মনের অজান্তে বলে আপনি বলে দিয়েছেন কারা চৌর্যবৃত্তি করেছে। এই চুরির দায় আপনাকে বহন করতেই হবে।”
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, “প্রতিদিন তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। আজকেও হাজিরা দিয়েছেন, কালকে হাজিরা পর্যন্ত তার জামিন আছে। এটা কী ভাবা যায়?
“একটা মিথ্যা, বানোয়াট মিথ্যা মামলা যার সাথে কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তাকে হয়রানি করার জন্য শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় নয়, এখন আওয়ামী প্রক্রিয়ায় হয়রানি করতে দেশনেত্রীকে আদালতে হাজির করাচ্ছে। দেশবাসী জানে, শেখ হাসিনা ব্যক্তিগত ক্রোধ ও প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম খালেদা জিয়াকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেছেন। অন্য কিছু না।”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাহাঙ্গীরনগর প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দল ফোরামের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের পরিচিতি উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করার জন্য গ্র্যাজুয়েটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী।
আগামী ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ হবে।
