২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী ঘোষণার আগে বাজার যাচাই করছে আ. লীগ: কাদের

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থী দেওয়ার আগে আওয়ামী লীগ জনমত যাচাই করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 07:39 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার ধানমণ্ডির রাসেল স্কয়ারে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা উত্তরের মেয়র পদের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন- তফসিল ঘোষণার পরই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। 

“আমাদের নেত্রী (শেখ হাসিনা) হয়ত কাউকে কাজ করতে বলতে পারেন। নেত্রী এটা অবশ্যই বলতে পারেন।… বাজারটা পরীক্ষা করে দেখা, তাকে ঘিরে মানুষের আশা-আকাঙ্ক্ষাটা কেমন, প্রত্যাশাটা কেমন, নমিনেশন ঘিরে সে নিজেকে কতটুকু একমোডেট করতে পারছে।”

ওবায়দুল কাদের বলেন, “সে রকম একজনকে তিনি (আওয়ামী লীগ সভানেত্রী) বলেছেন, কিন্তু নমিনেশনটা হবে আনুষ্ঠানিকভাবে।”

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ২৮ ফেব্রুয়ারির মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে ইসির। প্রার্থী হতে আগ্রহী অনেকেরই ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা।

যারা প্রচার চালাচ্ছেন, তাদের মধ্যে ব্যবসায়ী আতিকুল ইসলাম আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ‘সায় পেয়েছেন’ বলে দুদিন আগে সংবাদমাধ্যমে খবর আসে। 

আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহে আতিকুল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তখনই তাকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি যোগাযোগ শুরু করেছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে বেশি কিছু বলতে চান না।

আর ২০১৫ সালের প্রার্থী আনিসুল হকের জন্য দলের পক্ষে নির্বাচনী কাজের সমন্বয়কের দায়িত্ব পালন করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

তিনি জানান, ব্যবসায়ী নেতা এ কে আজাদ, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল ও সারাহ বেগম কবরী এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানেরও প্রার্থী হওয়ার আগ্রহ রয়েছে।

যারা প্রার্থী হতে চাইছেন, তাদের পক্ষে আনিসুল হকের শূন্যতা কতটা পূরণ করতে সম্ভব- সেটাও দেখার কথা বলেন ওবায়দুল কাদের।

বিজয়ের মাসে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটি আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।   

অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কার্যনিবাহী সদস্য রিয়াজুর কবির কাওছার এ সময় উপস্থিত ছিলেন।