কবুতর উড়িয়ে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ উদ্বোধন
মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর স্মরণে সাতটি কবুতর উড়িয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশের উদ্বোধন করা হয়। বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সমাবেশের উদ্বোধন ঘোষণার আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীতে কণ্ঠ মেলান মুক্তিযোদ্ধারা।
সারাদেশ থেকে কয়েকশ মুক্তিযোদ্ধা এ সমাবেশে অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানান।
এ সমাবেশ উপলক্ষে ব্যানার-ফেস্টুনে বর্ণিল সাজে সাজানো হয়েছে সমাবেশস্থল। জিয়াউর রহমানের ছবিও সেখানে দেখা গেছে।
মির্জা ফখরুল বলেন, “মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন। আমাদের মুক্তিযোদ্ধা দলে অনেক সেক্টর কমান্ডার রয়েছেন, অনেক বীর উত্তম,বীর প্রতীক, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন, যারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে, দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন।
“আজ যখন মুক্তিযোদ্ধা দল কর্তৃপক্ষের কাছে এই অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়েছে, তারা অনুমতি দিতে গড়িমসি করেছে। এই কিছুক্ষণ আগে অনুমতি দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক।”
ফখরুল বলেন, মাইক ব্যবহার বা হল ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয়েছে, যাতে মুক্তিযোদ্ধা দলকে অনুমতি দেওয়া হয়।
“আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব, ভবিষ্যতে মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে সরকার বা সরকারের সংস্থাগুলো কোনো বাধার সৃষ্টি করবে না।”
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, উপদেষ্টা শাহ মো. আবু জাফর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
