২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি দল ভোটের কারসাজিতেও ওস্তাদ: বি চৌধুরী

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যেভাবে হেরেছেন, তাতে সরকারি দল ভোটের কারসাজিতে দক্ষতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 07:22 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জনতা দলের (বিজেডি) আয়োজিত সভায় একথা বলেন তিনি।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, রংপুর সিটি করপোরেশনের নির্বাচনে বড় দুই দলের প্রার্থীদেরকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। এ থেকে প্রমাণিত দুই দলের জনপ্রিয়তা তলানিতে।

“গত নির্বাচনে যে প্রার্থী সরকার দলীয় প্রার্থীর কাছে হেরেছিল, সেই প্রার্থী এবার লক্ষাধিক বেশি ভোটের ব্যবধানে জিতেছে। এতে বুঝা যায়, সরকারি দল ভোটের কারসাজিতেও ওস্তাদ।”

বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকারের জোট শরিক জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। আর বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৫ ভোট।

দেশে এখন অরাজকতা চলছে দাবি করে তিনি বলেন, গত কয়েক মাসে ৫৫ জন ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ৯ জন ফিরে এসেছেন কিন্তু কেউ কথা বলেন না। এই যদি হয় জীবনের নিরাপত্তা, এমন দেশ কি আমরা চেয়েছিলাম?

“এখনই শেষ সময়, লাস্ট চান্স। আপনারা বুঝে নেন তারা কারা? ভবিষ্যত প্রজন্মকে কি আপনারা লুটেরা, সন্ত্রাস, ডাকাত ও দুর্নীতিবাজদের হাতে তুলে দিবেন? একবার শেষবারের মতো দেখে যেতে চাই, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।”

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “কাল থেকে অনুগত বিরোধী দলীয় নেতা এরশাদ বিজয় বোধ করছেন। হেরে গিয়েও বিজয় দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

“আর বিএনপি জাতীয় নির্বাচনে না গিয়ে যে কষ্ট পাচ্ছে, রংপুরের নির্বাচন দেখে কষ্ট থেকে কেষ্ট পাবে বলে মনে হচ্ছে না।”

বিজেডির সভাপতি এস এম শাহজাহান ও কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বক্তব্য দেন।