উকিল নোটিসে ‘কেঁচো খুড়তে সাপ’ বেরুবে: তোফায়েল
সম্পদ নিয়ে বক্তব্যে প্রধানমন্ত্রীকে পাঠানো উকিল নোটিস খালেদা জিয়ার জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শেখ হাসিনাকে এই উকিল নোটিস পাঠোনোর মধ্য দিয়ে ‘কেঁচো খুঁড়তে সাপ রেবিয়ে আসবে’ বলে বিএনপিকে সতর্কও করেছেন বর্ষীয়ান এই রাজনীতিক।
খালেদা জিয়ার উকিল নোটিসের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তোফায়েল বলেন, “এটা মোকাবেলার কী আছে? উকিল নোটিস দিছে তো দিছে!
“বরং আমি বলি, উকিল নোটিস দিয়ে… খালেদা জিয়ার পক্ষে যারা উকিল নোটিস দেওয়াইছেন, তারা খালেদা জিয়ার ক্ষতি করেছেন। কেঁচো খুড়তে সাপ বেরুবে, অনেক কিছুই বেরুবে।”
“যারা লন্ডনে থাকে, তারেক জিয়া, লাক্সারিয়াস অবস্থায় থাকে। এক সময় তো অন্য জিনিস বের হবে,” বলেন তিনি।
খালেদা জিয়াসহ তার সন্তানদের নামে বিদেশে সম্পদ রয়েছে বলে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার তাকে উকিল নোটিস পাঠান খালেদা জিয়া।
ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তার আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়, এই ধরনের কোনো সম্পদ তাদের নেত্রীর নেই, বিদেশি সংবাদ মাধ্যম ঘেঁটেও কোনো খবর তারা পাননি।
মন্ত্রী তোফায়েল নিজের মোবাইল ফোন বের করে বিদেশে খালেদা জিয়ার অর্থ পাচার নিয়ে আল জাজিরায় প্রচারিত একটি প্রতিবেদনের ভিডিও সাংবাদিকদের দেখান।
মোবাইলে ভিডিওটি চালু করেই তিনি বলেন, “আমাদের দোষটা কোথায়?”
ভিডিও দেখানো শেষে তোফায়েল বলেন, “আমরা এটা (নিউজের ভিডিও) দেখে বলেছি। আপনি তাদেরকে ওখানে (আল জাজিরা) গিয়ে প্রোটেস্ট করতে বলেন। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিস দিয়েছেন, ওখানে যান না কেন?”
আল জাজিরায় প্রচারিত খবরকে সত্য দাবি করে তিনি বলেন, “খালেদা জিয়া তো সিঙ্গাপুরে টাকা পাচার করেছিল, সেই টাকা আমরা এনেছি। সে পাচারের জন্য তো জেলও হয়েছে।
“এটা তো ঠিক, ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি, তা থেকে কী অবস্থা! কোকো-১, কোকো-২ তারপরে ড্যান্ডি ডায়িং ইত্যাদি কত কিছুই তো হয়েছে। এই হল অবস্থা।”
