ভাসান চর হবে আত্মঘাতী: মওদুদ
রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসান চরে স্থানান্তরের সিদ্ধান্ত ‘আত্মঘাতী’ মন্তব্য করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
শুক্রবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “এক লক্ষ রোহিঙ্গা শরণার্থী নোয়াখালীর ভাসান চরে স্থানান্তর করাতে সরকার একটি প্রকল্প নিয়ে অর্থ বরাদ্ধ করেছে। এটা সরকারের অত্যন্ত ভুল একটা সিদ্ধান্ত।
“সরকারকে বলব, এই প্রকল্প অবিলম্বে বাতিল করুন। কারণ এই প্রকল্প একটা আত্মঘাতী প্রকল্প। এই প্রকল্পে বাংলাদেশের মানুষের কোনো উপকার হবে না।”
মিয়ানমারে পুনর্বাসিত হওয়ার আগ পর্যন্ত ভাসান চরে এক লাখ রোহিঙ্গার জন্য অস্থায়ী আবাসস্থল ও দ্বীপটির নিরাপত্তায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গত ২৮ নভেম্বর একনেক সভায় ২ হাজার ৩১২ কেটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি হলেও তাদের পুনর্বাসনের এ সরকারি সিদ্ধান্তের খবরে রাখাইনে নির্যাতিত এই জনগোষ্ঠীর সদস্যরা বেশি করে বাংলাদেশমুখী হচ্ছে বলছেন মওদুদ।
তিনি বলেন, “এই প্রকল্পের টাকা এখানে খরচ করা হবে, তার মানেটা কী দেখেন। একদিকে বলছেন, আপনি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য চুক্তি করেছেন মিয়ানমারের সঙ্গে। আর অন্যদিকে আপনি তাদের স্থায়ী থাকার ব্যবস্থা করে দিচ্ছেন।”
“রোহিঙ্গাদের মধ্যে যারা এখনো সেখানে (রাখাইন) পড়ে আছে তারা দেখবে যে, এই প্রকল্প হওয়ার পরে অনেক রোহিঙ্গা বাংলাদেশে ফিরে আসছে। কেন? তারা বুঝতে পারছে যে, বাংলাদেশে গেলে একটা স্থান পাবে।”
এভাবে থাকার জায়গা পেলে রোহিঙ্গাদের চাহিদা ও দাবি ক্রমেই বাড়তে পারে আশঙ্কা প্রকাশ বিএনপির এই নেতা বলেন, “ক্রমেই তারা তাদের দাবি জানাতে পারবে- তাদের শিক্ষা দান করতে হবে, তাদের পরিচর্যা করতে হবে, তাদের সেখানে বিদ্যুৎ দিতে হবে, তাদের সেখানে গ্যাস লাইন দিতে হবে।
“তাদের সেই চাহিদা দিন দিন বাড়তে থাকবে। এই যে বোঝা, তা বাংলাদেশ সরকার বা মানুষের বহন করা সম্ভব নয়।”
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাছে মেঘনার মোহনার বিরান দ্বীপ ভাসান চরকে জলদুস্যদের অভয়ারণ্য অভিযোগ করে মওদুদ বলেন, “এই নোয়াখালী ভাসানচর একটি নিবৃত্ত এলাকা। এখানে অনেকে যান নাই, যারা এই জায়গাটি ঠিক করেছেন তারাও কখনো সেখানে গেছেন বলে মনে হয় না। ভাসান চর জলদুস্যদের জায়গা।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এই আলোচনা সভায় রোহিঙ্গাদের ফেরতে মিয়ানমারের সঙ্গে চুক্তিকে ‘ফাঁদ’ বলে মন্তব্য করেন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ।
তিনি বলেন, “বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই আজকে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের সঙ্গে একটি চুক্তির ফাঁদে পড়তে হয়েছে। ইট ইজ এ ট্র্যাপ, ইট ইজ এ হোকস। কারণ ১৯ দফা শর্তের ওপরে যে চুক্তি হয়েছে, তা কোনো দিন কার্য্কর করা সম্ভব হবে না।
“কারণ ভারত, চীন, রাশিয়াকে বাংলাদেশ সরকার তাদের পক্ষে আনতে পারেনি। এটাই এই সরকারের ব্যর্থতা। তাদের (তিন দেশ) কারণেই আজকে বাংলাদেশকে মিয়ানমারের সাথে এই চুক্তি স্বাক্ষর করতে হয়েছে।”
রোহিঙ্গা সঙ্কটের কারণে বাংলাদেশে নানারকম ‘নৈরাজ্য ও অস্থিতিশীলতা’ সৃষ্টির কথাও বলেন মওদুদ আহমদ।
‘বিএনপি আগাম নির্বাচনেও যাবে’
সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ সরকার নিশ্চিত করলে বিএনপি আগামী নির্বাচনেও যেতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মওদুদ আহমদ।
তিনি বলেন, “আগাম নির্বাচনের জন্য যেকোনো সময় নির্বাচন দিলে, আমরা সেই নির্বাচনে প্রতিযোগিতা করব একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পরিবেশে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘বেআইনি ও অসাংবিধানিক’ বলে মন্তব্য করেন সাবেক এই আইনমন্ত্রী।
বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক মন্ত্রী জাকারিয়া খান চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সাবেক সাংসদ নিলোফার চৌধুরী মনি বক্তব্য রাখেন।
