বিএনপির মালিকানা দাবি করে যুক্তরাষ্ট্রে মামলা
যুক্তরাষ্ট্রে বিএনপি ও এর শীর্ষ নেতাদের নামে অলাভজনক সংস্থার নিবন্ধন নিয়েছেন দাবি করে দলটির নাম, লোগো ও নেতাদের নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা ঠুকেছেন একজন।
নিউ ইয়র্কে বিএনপির শীর্ষস্থানীয় সংগঠকদের বিবাদী করে মালাটি করেছেন জ্যাকব মিল্টন, যিনি ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির একটি সাক্ষাৎকার প্রচার করে ফেইসবুকে আলোচিত হয়েছিলেন।
তার ওই মামলায় আগামী ৮ ডিসেম্বর বিবাদীদের বক্তব্য শোনার দিন রেখেছে নিউ ইয়র্ক সিটির কুইন্স কাউন্টিতে অবস্থিত সুপ্রিম কোর্ট।
গত ২৭ সেপ্টেম্বর দায়ের করা এই মামলায় বিবাদীদের মধ্যে শরাফত হোসেন বাবু, আকতার হোসেন বাদল, জসীমউদ্দিন ভূইয়া, মিজানুর রহমান (মিল্টন ভূইয়া) ও মোস্তফা কামাল পাশা বাবুল রয়েছেন, এরা সবাই যুক্তরাষ্ট্রে বিএনপির শীর্ষস্থানীয় সংগঠক হিসেবে পরিচিত।
জ্যাকব মিল্টন মামলায় বলেছেন, বিএনপি ইউএসএ ইনক, জিয়াউর রহমান ইনক ও তারেক রহমান ইনক নামে যুক্তরাষ্ট্রে ‘অলাভজনক সংস্থা’ হিসেবে নিবন্ধন নিয়েছেন তিনি।
তাই তার অনুমতি ছাড়া অন্য কেউ এসব নাম ব্যবহার করতে পারবেন না বলে দাবি করে এগুলো ব্যবহারে বিবাদীদের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছেন তিনি।
আদালত বাদীপক্ষের দীর্ঘ শুনানি নিয়ে বিবাদীদের নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে আটজনই অ্যাটর্নির মাধ্যমে আদালতে সময় চাইলে ৮ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন রাখেন আদালত।
এই প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জ্যাকব মিল্টনকে চিঠি লিখে এ বিষয়ে নিরস্ত্র হওয়ার আহ্বান জানিয়েছেন বিবাদী আকতার হোসেন বাদল, জসীম ভূইয়া ও মিল্টন ভূইয়া জানিয়েছেন।
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা ও আন্তর্জাতিক লবিস্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের ছবি সংবাদমাধ্যমে প্রকাশের পর গত বছর মে মাসে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এর কয়েক দিনের মাথায় ইউটিউবে সাফাদির সাক্ষাৎকারের একটি ভিডিও আসে। জ্যাকব মিল্টনের নেওয়া ওই সাক্ষাৎকারে সাফাদি দাবি করেন, আসলামের সঙ্গে সাক্ষাতের আগে ওয়াশিংটনে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক হয়েছে তার।
তবে তার ওই দাবি নাকচ করে জয় বলেছিলেন, বিএনপির ষড়যন্ত্রের অংশ হিসেবে সাফাদি তার সঙ্গে বৈঠক হয়েছে বলে দাবি করেছেন।
ওই সময় জ্যাকব মিল্টনকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
“মিল্টন ঢাকা ক্যান্টনমেন্টে ঠিকাদারি করার সময় দুর্নীতির দায়ে অপসারিত হয়েছিল; নিউ ইয়র্কে একটি মর্টগেজ কোম্পানির নামে প্রবাসীদের সর্বনাশ করে কয়েক বছর জেলেও ছিল,” সংবাদ সম্মেলনে বলেছিলেন আওয়া লীগ নেতা আব্দুস সামাদ আজাদ।
এখন বিএনপি নেতাদের সমালোচনায় পড়লেন জ্যাকব মিল্টন।
বিএনপি মহাসচিব তাকে লিখেছেন, “আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, বিএনপির নামে কোনো মামলা-মোকদ্দমা কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণের কোনো এখতিয়ার আপনার নেই এবং আমাদের দল কর্তৃক উপরোক্ত নেতৃবৃন্দকে প্রদত্ত সাংগঠনিক দায়িত্ব পালনে বাধা দানেরও অধিকার আপনার নেই।”
“এমতাবস্থায় আপনাকে পরামর্শ দেওয়া যাচ্ছে যে, বিএনপির নাম, লোগো এবং বিএনপির এফিলিয়েটেড সব কিছু ব্যবহার থেকে অবিলম্বে বিরত হোন। বিএনপি এবং বিএনপি সম্পর্কিত নামে যে সব কোম্পানির মালিকানা দাবিতে আপনি ব্যবহার করছেন, সেগুলো থেকেও বিরত হবার আহবান জানাচ্ছি।”
